হেলিপ্যাড ভেঙে বিপদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! ভাইরাল ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কেরল সফরে গিয়ে বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, অবতরণের সময় রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টারের ভারে নতুন তৈরি হওয়া হেলিপ্যাডের একাংশ ধসে যায়। সেখানেই আটকে পড়ে হেলিকপ্টারটি। এই ঘটনায় সৌভাগ্যবশত রাষ্ট্রপতির কোনো চোট লাগেনি। এমতাবস্থায় রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চারদিনের কেরল সফরে গিয়ে বুধবার সকালে শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যাত্রাপথের মাঝেই, পাম্বার কাছে প্রামাদম স্টেডিয়ামে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার কারণে প্রথমে নির্দিষ্ট গন্তব্য নিলাক্কালে না নেমে প্রামাদম স্টেডিয়ামের হেলিপ্যাড গ্রাউন্ডে কপ্টারটি অবতরণ করে।

অবতরণের সময়েই হেলিকপ্টারের ধাক্কায় মঙ্গলবার বিকেলে তৈরি হওয়া নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায় এবং হেলিকপ্টারটি সেখানে আটকে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারটিকে ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টার পর হেলিকপ্টারটি সরিয়ে রাষ্ট্রপতিকে বের করে আনা হয়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাড়াহুড়ো করে হেলিপ্যাড গ্রাউন্ডটি তৈরি করার কারণেই হেলিকপ্টার অবতরণের পর জায়গাটা ধসে পড়ে। যদিও রাষ্ট্রপতির কোনো ক্ষতি হয়নি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সড়ক পথেই তিনি শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “ঈশ্বরকে অনেক ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি।”

জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শবরীমালা দর্শনের পর আজ সন্ধ্যায় তিরুবনন্তপুরমে ফিরে আসবেন। বৃহস্পতিবার তিনি রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করবেন এবং কোট্টায়াম জেলার পালায় সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।