ট্রাম্পকে শিক্ষা দেয়ার তোড়জোড় শুরু, ব্রাজিলও এবার ভারতের সঙ্গে জোট চাইছে

বিশ্বজুড়ে যখন নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই ভারতকে নিয়ে বড় ঘোষণা করলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। স্পষ্ট করে দিলেন, ভারতের সঙ্গে এক শক্তিশালী ‘কৌশলগত জোট’ (স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স) গড়ার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। রাজনৈতিক, অর্থনৈতিক, মহাকাশ এবং প্রযুক্তিগত ক্ষেত্রে এই জোট বিস্তৃত হবে বলে জানিয়েছেন তিনি।
ব্রাজিলের উপরাষ্ট্রপতি গেরাল্ডো আল্কামিন যখন এই মুহূর্তে ভারত সফরে, ঠিক তখনই নিজের ‘এক্স’ (পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে লুলা এই গুরুত্বপূর্ণ বার্তাটি দেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ঘোষণা কার্যত আমেরিকার প্রতি একটি ইঙ্গিতপূর্ণ বার্তা।
কী বললেন লুলা?
ভিডিও বার্তায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ভারতকে দেশের উন্নয়নের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আগামী বছরে আমার ভারত সফরের জন্য উপরাষ্ট্রপতি গেরাল্ডো আল্কামিনের বর্তমান সফরটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ভারত হলো একটি অসাধারণ বাজার।”
লুলা আরও যোগ করেন, “আমরা ভারতের সঙ্গে একটি দারুণ জোট তৈরি করতে পারি। এই জোট রাজনৈতিক, মহাকাশ, ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হতে পারে।” দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্মান এবং ভালোবাসা রয়েছে উল্লেখ করে তিনি একটি দৃঢ় সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
আমেরিকার চাপের মুখে নতুন অক্ষ?
বিশেষজ্ঞরা মনে করছেন, এই কৌশলগত জোট গঠনের উদ্যোগের নেপথ্যে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ একটি অনুঘটকের কাজ করছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ট্রাম্প ব্রাজিলের কিছু পণ্যের উপর সরাসরি ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন। একই রকমভাবে ভারতের পণ্যের উপরও উচ্চ হারে শুল্ক বসানো রয়েছে। এর ফলে দুই দেশের অর্থনীতিই কিছুটা ধাক্কা খেয়েছে।
এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপের মুখে ভারত এবং ব্রাজিল নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে একটি নতুন অর্থনৈতিক এবং কৌশলগত অক্ষ তৈরি করতে চাইছে।
বর্তমানে ব্রাজিলের উপরাষ্ট্রপতি গেরাল্ডো আল্কামিন ভারত সফরে রয়েছেন, যার মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করা। লুলার এই ঘোষণার পর এখন দেখার, ভারত-ব্রাজিল এই নতুন জোট কতটা দ্রুত কার্যকর হয় এবং বিশ্ব মঞ্চে বিশেষত আমেরিকার উপর এর কী প্রভাব পড়ে।