টোল প্লাজায় আর টোল নয়, উল্টে আপনিই পাবেন কড়কড়ে ১০০০টাকা! শুধু এই একটি কাজ করুন

জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় নির্দিষ্ট দূরত্ব পার করার পর টোল দিতে হয়—এটাই চিরাচরিত নিয়ম। কিন্তু কখনও কি ভেবেছেন, টোল প্লাজাই আপনাকে টাকা দেবে? হ্যাঁ, এমন অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই (NHAI)।

সংস্থাটি জানিয়েছে, দেশের কোনও টোল প্লাজার নোংরা বা অপরিষ্কার শৌচালয়ের ছবি তুলে সেই বিষয়ে এনএইচএআই-কে অবগত করলে যিনি ছবিটি তুলেছেন, তাঁর FASTag অ্যাকাউন্টে জমা পড়ে যাবে ১০০০ টাকা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ যাত্রী পরিষেবার মান উন্নত করার লক্ষ্যেই এই অভিনব প্রকল্প চালু করেছে, যা ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

কীভাবে পাবেন এই টাকা?

এই পুরস্কার পেতে হলে আপনাকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে:

১. অ্যাপ ডাউনলোড: প্রথমে মোবাইলে ‘Rajmargyatra’ অ্যাপের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করতে হবে। ২. ছবি তুলুন: টোল প্লাজার নোংরা শৌচালয়ের একটি স্পষ্ট, জিও-ট্যাগ করা ছবি তুলুন। ৩. আপলোড করুন: অ্যাপে গিয়ে আপনার নাম, মোবাইল নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে বসিয়ে ছবিটি আপলোড করুন। ৪. যাচাই ও টাকা: আপনার অভিযোগটি যাচাই হওয়ার পরেই আপনার FASTag অ্যাকাউন্টে সরাসরি ১০০০ টাকা ঢুকে যাবে।

পুরস্কার পাওয়ার ক্ষেত্রে কী শর্ত রয়েছে?

এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যা অবশ্যই মাথায় রাখতে হবে:

একবারই পুরস্কার: একটি গাড়ি পিছু এই পুরস্কার একবারই পাওয়া যাবে।

প্রথম অভিযোগকারী: একটি শৌচালয়ের জন্য দিনে একবারই পুরষ্কৃত করা হবে। অর্থাৎ, একই শৌচালয়ের একাধিক ছবি এলেও যিনি প্রথম ছবিটি পাঠিয়ে অভিযোগ জানাবেন, পুরস্কার কিন্তু কেবল তিনিই পাবেন।

যাত্রী সুবিধা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এনএইচএআই-এর এই উদ্যোগটি একদিকে যেমন নজরদারি বাড়াবে, তেমনই যাত্রীদের সচেতন করবে।