দুষ্কৃতীরা খুন করে ফেলে দিয়েছে পুকুরে? নন্দকুমারে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য

নন্দকুমারে এক নিখোঁজ বাস কর্মীর রক্তাক্ত দেহ পুকুর থেকে উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার দুষ্কৃতীদের বিরুদ্ধে খুন করে দেহটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।

জানা গেছে, ঘটনাটি নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণচক এলাকার। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা কল্যাণচক গ্রামের প্রাথমিক স্কুলের পিছনের একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা নন্দকুমার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

পরে পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম বিকাশ বেরা, তাঁর বয়স ৪৬ বছর। পেশায় বাস কর্মী বিকাশ গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া বিকাশের দেহ পরীক্ষা করে দেখা যায়, তাঁর নাক ও মুখে রক্তের চিহ্ন রয়েছে।

মৃতের স্ত্রীর অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর স্বামীকে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুকুরে ফেলে দিয়েছে। এই নৃশংস ঘটনা ঘিরে নন্দকুমার এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।