উৎসবের মরসুমেই চরম আতঙ্ক! নিউ দিঘার বিলাসবহুল রিসর্টে হঠাৎ আগুন, এসি থেকেই ভয়াবহ বিপত্তি

উৎসবের মরসুমে পর্যটকদের ভিড়ে জমজমাট দিঘায় এবার ঘটল এক আতঙ্কজনক ঘটনা। জানা গিয়েছে, আজ দুপুরে নিউ দিঘার একটি হোটেলে আগুন লাগার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিঘায় আসা পর্যটকরা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে খবর, আজ দুপুর নাগাদ নিউ দিঘার বিচভিউ রিসর্ট-এর একটি ঘর থেকে হঠাৎই কালো ধোঁয়া বেরোতে দেখেন পর্যটকেরা। সঙ্গে সঙ্গে তাঁরা হোটেল কর্তৃপক্ষকে খবর দেন। এরপরই দ্রুত হোটেলের পক্ষ থেকে দমকলে যোগাযোগ করা হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির ফলে এসি (Air Conditioner) থেকেই এই আগুনের উৎপত্তি।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল কর্মীরা ঠিক সময়ে ঘটনাস্থলে এসে পৌঁছানোয় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
পর্যটকদের অন্যতম পছন্দের এই ডেস্টিনেশনে এমন অগ্নিকাণ্ড ঘটায় হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।