AI দিয়ে কণ্ঠ নকল করাও অপরাধ: তারকাদের পার্সোনালিটি রাইটস কী, দিল্লি ও বম্বে হাইকোর্ট কী রায় দিল?

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার তার পার্সোনালিটি রাইটস (ব্যক্তিত্বের অধিকার) সুরক্ষিত করতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ‘খিলাড়ি কুমার’ সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করছে। যদিও অক্ষয়ের মামলার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি, তবে তার আগে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, করণ জোহর এবং হৃতিক রোশনও একই পদক্ষেপ নিয়েছিলেন।
আসলে, অক্ষয় কুমারের আগে সাম্প্রতিক সময়ে ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, করণ জোহর, ঋষভ শেঠি এবং আক্কিনেনি নাগার্জুন সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্ব তাদের পার্সোনালিটি রাইটস-এর সুরক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। সকলেরই মূল দাবি হল, তাদের অনুমতি ছাড়া যেন কোনোভাবেই তাদের ছবি এবং ব্যক্তিত্বের অধিকারের অপব্যবহার না করা হয়।
চলতি মাসের শুরুতে বম্বে হাইকোর্ট প্রবীণ নেপথ্য গায়িকা আশা ভোসলের পার্সোনালিটি রাইটসের অননুমোদিত ব্যবহার রোধে একটি নির্দেশ জারি করেছিল। আদালত বিভিন্ন সংস্থাকে গায়িকার ব্যক্তিগত বৈশিষ্ট্য যেমন— তার নাম এবং ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করেও অপব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আদালত এও বলেছে যে, সম্মতি ছাড়া কোনো সেলিব্রিটির কণ্ঠস্বর নকল করার জন্য এআই টুল ব্যবহার করা তাদের পরিচয়ের অধিকারের লঙ্ঘন।
ঐশ্বরিয়া রাইয়ের অধিকার রক্ষা করে দিল্লি হাইকোর্ট বলেছিল, “ব্যক্তিদের পার্সোনালিটি রাইটস সহজ কথায় বললে, তাদের ছবি, নাম, সাদৃশ্য বা ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্যের ব্যবহার নিয়ন্ত্রণ ও সুরক্ষার অধিকারের পাশাপাশি, তা থেকে প্রাপ্ত ব্যবসায়িক লাভকেও অন্তর্ভুক্ত করে। পার্সোনালিটি রাইটস, একজন ব্যক্তির সেই স্বাধীন স্বায়ত্তশাসনের মধ্যে নিহিত থাকতে পারে যে, তিনি তার ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্যের ব্যবহার করার অনুমতি দেবেন কি দেবেন না।”