উৎসবের মরসুমেও বিপদ! সকালে খালি পেটে কচুরি, ছোলে ভাটুরে খাচ্ছেন? এখনই সাবধান হোন, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

উৎসবের মরসুমে অনেকেই দিন শুরু করেন মুখরোচক খাবার দিয়ে। কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে কচুরি, ছোলে ভাটুরে বা অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই অভ্যাসগুলি পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। বিশেষত গ্যাস, অ্যাসিডিটি বা পেটের অন্যান্য সমস্যা আগে থেকেই থাকলে এই ধরনের খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
ফোর্টিস হসপিটালের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও হেপাটোলজিস্ট ডাঃ শুভম বাৎস্য ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন যে সকালে খালি পেটে কচুরি, ছোলে ভাটুরে বা ব্ল্যাক কফি পান করা উচিত নয়। তাঁর মতে, এই খাবারগুলি আমাদের হজমতন্ত্রের ক্ষতি করতে পারে।
ডাক্তার বাৎস্যের মতে, তেলে ভাজা ও মশলাদার খাবার শুধু অ্যাসিডিটি বাড়ায় না, বরং পেটের ভেতরের লাইনিং-কেও নষ্ট করে দিতে পারে। অন্যদিকে, ব্ল্যাক কফি যা সাধারণত এনার্জি বুস্টার হিসেবে পরিচিত, তা খালি পেটে খেলে শরীরের জন্য ‘অ্যাসিড শকের’ মতো কাজ করে। এর ফলে পেটে ফোলাভাব, অস্বস্তি এবং এনার্জি ক্র্যাশ-এর মতো উপসর্গ দেখা যেতে পারে।
একইভাবে, কমলালেবু বা লেবুর মতো টক ফলও সকালে খালি পেটে এড়িয়ে চলা উচিত। এই ফলগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকলেও, খালি পেটে গ্রহণ করলে এর অ্যাসিডিক গুণাবলী পেটের অভ্যন্তরীণ স্তরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিক জ্বালা বা আলসারের মতো সমস্যার জন্ম দিতে পারে।
সকালে খালি পেটে ছোলে ভাটুরে, কচুরি বা পাও ভাজির মতো অতিরিক্ত তেলযুক্ত ও ভারী খাবার হজম প্রক্রিয়াকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলে দেয়, যা কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজম এবং অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে তোলে। নিয়মিতভাবে এই ধরনের খাবারের মাধ্যমে দিনের শুরু করলে মেটাবলিজম ধীর গতিসম্পন্ন হতে পারে এবং স্থূলতা (ওবেসিটি) ও ফ্যাটি লিভারের মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে।