‘পুতিনের উপর খুবই হতাশ!’ কেন যুদ্ধ বন্ধ করছেন না, ইউক্রেন সংঘাত নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) প্রতি গভীর হতাশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ‘সবচেয়ে বড় সংঘাত’।

হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমি খুবই হতাশ, কারণ ভ্লাদিমির আর আমার সম্পর্ক খুব ভালো ছিল, সম্ভবত এখনও আছে। কিন্তু বুঝতে পারছি না কেন তিনি এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই যুদ্ধ তাঁর নিজের জন্যই ভয়ানক ক্ষতির কারণ হয়েছে।”

ইউক্রেন সংঘাতের ভয়াবহতা তুলে ধরে ট্রাম্প আরও বলেন, “যুদ্ধটা ৪ বছরে পা দিচ্ছে, যা আসলে এক সপ্তাহেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। পুতিন প্রায় দেড় মিলিয়ন সেনা হারিয়েছেন, বা তার কাছাকাছি সংখ্যা। মৃত্যু ও ধ্বংসের দিক থেকে দেখলে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর সংঘাত।”

এদিকে, ইউক্রেন সংঘাতের অবসানে মার্কিন সমর্থন নিয়ে বিস্তারিত আলোচনা করতে শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ অগাস্ট আলাস্কার আঙ্কোরেজে এক সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের মুখোমুখি বৈঠক হয়েছিল। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের শুরু পর সেটিই ছিল দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ। সেই বৈঠকে ট্রাম্প প্রশাসন ইউক্রেন সংঘাতের অবসান বা অন্তত একটি অস্থায়ী যুদ্ধবিরতির পথ খোঁজার চেষ্টা করেন। এই উদ্দেশ্যে তিনি স্টিভ উইটকফকে বিশেষ দূত হিসেবে নিয়োগও করেছেন।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে, যাকে মস্কো “বিশেষ সামরিক অভিযান” নামে আখ্যা দিয়েছিল। তবে দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও এই যুদ্ধের শেষ দেখা যায়নি।