হরিয়ানা পুলিশের অন্দরে কি রক্তক্ষরণ? পূরণ কুমারের পর এবার সন্দীপ, সুইসাইড নোটে ‘দুর্নীতির’ অভিযোগ!

হরিয়ানা পুলিশের অন্দরের পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই আরও এক চাঞ্চল্যকর ঘটনা। গত মঙ্গলবার রোহতকে নিজের বাড়িতেই গুলি করে আত্মহত্যা করলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ASI) সন্দীপ কুমার। আত্মহত্যার আগে তিনি একটি ৬ মিনিটের ভিডিও বার্তা রেকর্ড করেছেন এবং একটি সাড়ে তিন পাতার সুদীর্ঘ নোটও লিখে গিয়েছেন। এই ঘটনাটি এমন সময় ঘটল যখন সম্প্রতি আইপিএস আধিকারিক ওয়াই পূরণ কুমারের আত্মহত্যা ঘিরে পুলিশ মহলে চরম বিতর্ক চলছে।

ভিডিও ও নোটে বিস্ফোরক অভিযোগ

পুলিশ সূত্রে খবর, মৃত এএসআই সন্দীপ কুমারের (অনেকে তাঁকে সন্দীপ লাথের নামেও চেনেন) লেখা সুইসাইড নোট এবং রেকর্ড করা ভিডিওতে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। জানা যাচ্ছে, এই নোটে সন্দীপ নিজেকে ‘সত্যের জন্য উৎসর্গ’ করার কথা লিখেছেন।

বিশেষত, তিনি আইপিএস পূরণ কুমারকে ‘দুর্নীতিগ্রস্ত’ অফিসার বলে উল্লেখ করেছেন এবং তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কার জেরেই পূরণ কুমার আত্মহত্যা করেছেন বলে ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, এএসআই সন্দীপ কুমার আইপিএস পূরণ কুমারের মৃত্যুর ঘটনাটির তদন্তকারী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাঁর এমন চরম সিদ্ধান্ত গোটা বিতর্ককে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিল।

পুলিশের প্রতিক্রিয়া

রোহতকের এসপি এসএস ভোরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্দীপ একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ আধিকারিক ছিলেন। তবে মৃতদেহ থেকে উদ্ধার হওয়া নোটটি সন্দীপের লেখা কিনা বা ভাইরাল হওয়া ভিডিওটি তাঁরই রেকর্ড করা কিনা, সেই বিষয়ে সরাসরি উত্তর এড়িয়ে যান এসপি। তিনি বলেন, “এই সমস্ত প্রশ্নের উত্তর এখনই দেওয়া যাবে না। ফরেন্সিক বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।”

পূরণ কুমার বিতর্কে তোলপাড়

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আইপিএস আধিকারিক পূরণ কুমার আত্মহত্যা করেন। তিনি আত্মহত্যার আগে লেখা নোটে অভিযোগ করেন যে, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা তাঁকে জাতপাত সংক্রান্ত বিষয়ে তুলে হেনস্তা করতেন। এই ঘটনায় হরিয়ানা পুলিশের ডিজি শত্রুজিৎ সিং কাপুর সহ আরও কয়েকজন প্রবীণ আধিকারিকের নাম জড়ায়। তাঁর আইএএস স্ত্রী অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে সরব হন এবং মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও লেখেন। চাপের মুখে ডিজি শত্রুজিৎ সিং কাপুরকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয় এবং ওম প্রকাশ সিংকে ডিজিপির দায়িত্ব দেয় হরিয়ানা সরকার।

এই পরিস্থিতিতেই মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি মৃত আইপিএস অফিসারের পরিবারের সঙ্গে দেখা করেন। আর এর ঠিক পরেই এএসআই সন্দীপ কুমারের আত্মহত্যার ঘটনাটি পুলিশ প্রশাসনের ভিতরের সমস্যা নিয়ে বিতর্ককে আরও বড় আকার দিল।