প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক ছিনতাই! নকশালবাড়িতে আতঙ্ক, CCTV-তে ধরা পড়ল দুষ্কৃতী

প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দার্জিলিংয়ের নকশালবাড়ি এলাকায়। মঙ্গলবার দক্ষিণ দয়ারাম এলাকায় বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে বাইকে চম্পট দেয় দুই দুষ্কৃতী। খোয়া যাওয়া সোনার হারটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। গোটা ঘটনাটি রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ায় এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত।

কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দক্ষিণ দয়ারাম এলাকায় এক মহিলা তাঁর বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে অন্য একজনের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে একটি মোটরবাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। আচমকা বাইকের গতি কমিয়ে তারা মহিলার গলার সোনার হারটি সজোরে টেনে ছিঁড়ে নেয় এবং দ্রুত বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই দুষ্কৃতীর মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল, তবে অন্যজনের মাথা ছিল খোলা। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা সম্ভবত আগে থেকেই এলাকাটি ‘রেইকি’ করেছিল।

এলাকায় চরম আতঙ্ক

প্রকাশ্যে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সোনাদানা পরে এখন বাড়ির বাইরে বের হওয়াও দায়, এমনই আতঙ্কের সুর শোনা যাচ্ছে স্থানীয়দের কণ্ঠে। এমন ঘটনা সচরাচর এই এলাকায় ঘটেনি, তাই অনেকেই যেন তা বিশ্বাসই করতে পারছেন না।

ইতিমধ্যে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই ছিনতাইকারীর দ্রুত সন্ধানের চেষ্টা করছে।