অধিনায়ক হিসেবে ২-০ সিরিজ জয়! জয়রথ থামছে না শুভমানের, এবার উড়ানেই অস্ট্রেলিয়ার প্ল্যান

দেশের মাটিতে টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই বাজিমাত করলেন শুভমান গিল। মঙ্গলবার সকালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সাত উইকেটে দাপুটে জয় পেল ভারতীয় দল। এর আগে ইংল্যান্ড সফরেও শুভমান গিল অধিনায়ক হিসেবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে সিরিজ হারানোর পরেই এবার শুভমানের চোখ অস্ট্রেলিয়ার দিকে। কারণ, আগামী রবিবারই ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়া সফর নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে শুভমান বলেন, “আমাদের দীর্ঘ বিমানযাত্রা করতে হবে। আমরা হয়তো উড়ানেই (বিমানযাত্রার সময়ে) পরিকল্পনা সেরে নেব।”

নিজের ব্যাটিং ভাবনা নিয়ে শুভমান বলেন, “আমি তিন-চার বছর বয়স থেকে ব্যাটিং করছি। ফলে আমি যখনই ব্যাটিং করতে যাই, একজন ব্যাটার হিসেবেই সিদ্ধান্ত নিই। আমি সবসময় ভাবি কীভাবে দলকে ম্যাচ জেতাতে পারব। একজন ব্যাটার হিসেবে আমি সবসময় শুধু সে কথাই ভাবি।”

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব নিয়ে তৃপ্ত শুবমান। তিনি বলেন, “ভারতকে নেতৃত্ব দেওয়া সত্যিই বড় সম্মানের বিষয়। আমি এতে অভ্যস্ত হয়ে উঠছি। সব খেলোয়াড়কে সামলানো, দলকে নেতৃত্ব দেওয়া বিরাট সম্মানের বিষয়।”

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিয়ে শুভমান বলেন, “ঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হয়। আমি পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। পরিস্থিতি অনুযায়ী কখনও কখনও সাহসী সিদ্ধান্ত নিতে হয়। কোন খেলোয়াড় সেই পরিস্থিতিতে রান করতে পারে বা উইকেট নিতে পারে, সে কথা ভাবতে হয়।”

এরপরই বিদেশের মাটিতে খেলার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা দেন অধিনায়ক। তিনি বলেন, “যে খেলোয়াড়রা আমাদের বিদেশের মাটিতে ম্যাচ জেতাতে পারবে বলে মনে হচ্ছে, তাদের আমরা সেভাবেই তৈরি করতে চাই। কারণ, বিদেশের মাটিতে ম্যাচ জেতা আমাদের কাছে চ্যালেঞ্জ।”