‘স্যার তিন বার বিয়ে ভেঙেছে, এবার পাস করিয়ে দিন’

তিন তিনটি বিয়ে ভেঙে গেছে! কারণ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তিনি পাস করতে পারেননি। তাই এবার পরীক্ষায় খাতায় শিক্ষকের কাছে পাস করিয়ে দেওয়ার আবদার এক শিক্ষার্থীর। একই সঙ্গে পরীক্ষার খাতায় ঘুষ হিসেবে টাকাও রেখে গেছেন ওই শিক্ষার্থী।

এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ওই পরীক্ষার খাতায় লিখেছেন, ‘স্যার, তিন বার বিয়ে ভেঙেছে, এ বার পাস করিয়ে দিন’! এটুকুতেই থেমে থাকেননি তিনি। পাস করিয়ে দিতে শিক্ষককে ঘুষও দিয়েছেন তিনি। তার পরীক্ষার খাতার ভেতর থেকে ১০০, ২০০ ও ৫০০ টাকার নোটও পাওয়া গেছে বলে অভিযোগ।

তিনি লিখেছেন, ‘গুরুজি, আমার তিন তিন বার বিয়ে ভেঙে গিয়েছে। অনেক কষ্ট করে আমার পরিবার একটা সম্বন্ধ ঠিক করেছে। কিন্তু পাত্র শর্ত দিয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাস করলে তবেই আমাকে বিয়ে করবে। আমার বিয়ে নিয়ে মা-বাবা খুব দুশ্চিন্তায় আছেন। দয়া করে পরীক্ষায় পাস করিয়ে দিন। যাতে বিয়েটা হয়ে যায়!’

দেশটির উত্তরপ্রদেশে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলছে। সেই পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী উত্তরপত্রে প্রশ্নের উত্তর না লিখে এমন নানা রকম ‘আবদার’ করেছেন। তার এমন আবদার দেখে স্তম্ভিত পরীক্ষক।

আরও এক পরীক্ষার্থী লিখেছেন, অনেক সম্বন্ধ দেখার পর অবশেষে বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা চান তিনি আরও পড়াশোনা করুন। কিন্তু পড়াশোনার বিষয় তার খুব একটা মনে থাকে না। তাই পরীক্ষকের কাছে অনুরোধ, ‘এ বার পাস করিয়ে দিন, যাতে শ্বশুরবাড়িতে আমার সম্মান থাকে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *