পিএফ গ্রাহকদের জন্য বিরাট খবর! এক দশক পর কি পেনশন বাড়বে? আজই সিদ্ধান্ত নিতে পারে EPFO-র ট্রাস্টি বোর্ড

প্রভিডেন্ট ফান্ড (PF) গ্রাহকদের জন্য আসতে পারে বহু প্রতীক্ষিত সুসংবাদ। প্রায় এক দশকেরও বেশি সময় পর এমপ্লয়িজ পেনশন স্কিমে (EPS) ন্যূনতম পেনশন বৃদ্ধির জল্পনা তুঙ্গে। আজ, ১৩ অক্টোবর সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ (CBT), যা EPFO-র নিয়ামক সংস্থা, তাদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এই বৈঠকেই পিএফ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে অন্যতম হল— ন্যূনতম পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করার প্রস্তাব। শেষবার ২০১৪ সালে এই ন্যূনতম পেনশন বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছিল। কিন্তু বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই সামান্য পেনশনে পেনশনভোগীদের ন্যূনতম খরচও বহন করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন সরকারি কর্মী ইউনিয়ন দীর্ঘ দিন ধরে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। রিপোর্ট অনুযায়ী, শ্রম মন্ত্রক বিষয়টি পর্যালোচনা করে দেখেছে এবং আজকের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
পেনশন বৃদ্ধির পাশাপাশি আজকের বৈঠকে ‘EPFO ৩.০’ চালু করা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই নতুন ব্যবস্থা চালু হলে পিএফ গ্রাহকদের পরিষেবা আরও সহজ ও ডিজিটাল হবে। শোনা যাচ্ছে, EPFO ৩.০ চালু হলে গ্রাহকরা ATM-এর মাধ্যমেও PF-এর টাকা তুলতে পারবেন। এর পাশাপাশি, ডিজিটাল প্ল্যাটফর্মে টাকা সহজে তোলা, ট্রান্সফারের মতো পরিষেবাগুলি আরও গতি পাবে।
সুতরাং, আজকের CBT-র বৈঠকের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন দেশের লক্ষ লক্ষ প্রভিডেন্ট ফান্ড গ্রাহক।