দীপাবলির আগে মর্মান্তিক দুর্ঘটনা! ছাদে বাজি শুকাতে গিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ, গুরুতর আহত তরুণী

সামনেই দীপাবলি। আর উৎসবের সেই প্রস্তুতির মধ্যেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাড়িতে মজুত রাখা পুরনো আতশবাজি ছাদে শুকাতে দিয়েছিলেন এক তরুণী। সেই বাজি তুলতে গিয়েই ঘটল ভয়ঙ্কর বিস্ফোরণ, যাতে কেঁপে উঠল গোটা বাড়িটি! গুরুতর আহত অবস্থায় ওই তরুণী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খাতুলি শহরের ইসলামনগর এলাকায়।

পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার জানিয়েছেন, আহত তরুণীর নাম আশি, যাঁর বয়স প্রায় ৩০ বছর। তিনি ইসলামনগর এলাকায় নিজের বাড়ির ছাদে কয়েক বছরের পুরনো কিছু আতশবাজি রোদে শুকোতে দিয়েছিলেন। তিনি যখন ছাদে গিয়ে সেই বাজিগুলি দেখতে যান, তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গেছে, কয়েক বছরের পুরনো আতশবাজিগুলি রোদের তাপে অতিরিক্ত গরম হয়ে ফেটে যায়। বিকট শব্দ শুনেই পরিবারের সদস্যরা ছাদে ছুটে যান এবং দগ্ধ অবস্থায় তরুণীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এই আতশবাজি বিস্ফোরণে কেবল তরুণীই নন, বাড়িটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাদ থেকে শুরু করে বাড়ির দেওয়াল পর্যন্ত বেশ খানিকটা জায়গায় ফাটল ধরেছে বলে জানা গেছে।