‘ভুলটা আমারই’, অরিজিতের সঙ্গে পুরনো ঝগড়া নিয়ে যা বললেন সলমন?

বলিউডের ওপেন সিক্রেট ছিল সলমন খান ও অরিজিৎ সিংয়ের দীর্ঘদিনের মনোমালিন্য। একটা সময় সলমনের কোনো ছবিতেই অরিজিৎকে গান গাওয়ানোর অনুমতি ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সেই তিক্ততা অনেকটাই মিটেছে। সেই মিটে যাওয়া বিবাদ নিয়েই এবার ‘বিগ বস ১৯’-এর মঞ্চে মুখ খুললেন সলমন খান। তিনি স্বীকার করে নিলেন যে ভুলটা আসলে তাঁর তরফ থেকেই হয়েছিল।

রবিবার ‘উইকেন্ড কা ওয়ার’-এ উপস্থিত ছিলেন কমেডিয়ান রবি গুপ্ত। রবির মুখের সঙ্গে অরিজিৎ সিংয়ের সাদৃশ্য থাকায় তিনি সলমনের সামনে আসতে ভয় পাচ্ছিলেন বলে জানান। সেই কথা শুনে সলমন তাঁর ও অরিজিতের সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলেন।

সলমন বলেন, “অরিজিৎ ও আমি এখন খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আর সেটা আমার তরফ থেকেই হয়।” তিনি নিশ্চিত করেন যে এখন তাঁদের সম্পর্ক স্বাভাবিক। শুধু তাই নয়, সলমন জানান, ‘টাইগার’ (টাইগার ৩) ছবিতে অরিজিৎ তাঁর জন্য গান গেয়েছেন এবং তাঁর আগামী সিনেমা ‘গালওয়ান’-এও তিনি কাজ করেছেন। ‘বিগ বস’-এর মঞ্চ থেকে সলমন তাঁর আগামী ছবিতে অরিজিতের কাজ করার কথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

বিবাদটির সূত্রপাত ২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে। সঞ্চালকের ভূমিকায় ছিলেন সলমন। অ্যাওয়ার্ড নিতে মঞ্চে ওঠেন অরিজিৎ। মজার ছলে সলমন প্রশ্ন করেন, “দর্শকাসনে বসে কি ঘুমিয়ে পড়েছিলে?” অরিজিৎ পাল্টা জবাব দেন, “আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন।” এতেই চটে যান সল্লু মিঞা। মঞ্চ থেকে নেমে অরিজিৎ সোজা বাইরে চলে গেলে সলমন মনে করেন, গায়ক তাঁকে ঔদ্ধত্য দেখিয়েছেন। এই ঝামেলার ফলস্বরূপ, ‘কিক’ ও ‘বজরঙ্গি ভাইজান’-সহ সলমনের একাধিক ছবি থেকে অরিজিতের গান বাদ দেওয়া হয়। ২০১৬ সালে প্রকাশ্যে ক্ষমা চাইলেও দীর্ঘদিন বরফ গলেনি। ৯ বছর পর ‘টাইগার ৩’ ছবিতে গান গাওয়ার মাধ্যমে তাঁদের বিবাদ আনুষ্ঠানিকভাবে মিটে যায়।