স্বামীর মঙ্গল নয়, নজর সম্পত্তিতে! করবা চৌথের উপোস ভেঙেই শাড়ি দিয়ে দড়ি বানিয়ে শ্বশুরবাড়ির সব লুঠ করল ২ নববধূ!

স্বামীর দীর্ঘায়ু কামনায় সারা ভারতের মহিলারা যে রীতি নিষ্ঠার সঙ্গে পালন করেন, সেই করবা চৌথ ব্রতকেই লুঠের ঢাল বানাল উত্তরপ্রদেশের দুই নববধূ। লোকদেখানো উপবাসের পর সেই রাতেই শ্বশুরবাড়ির সব ধনসম্পদ নিয়ে চম্পট দিয়েছে তারা। উত্তরপ্রদেশের আলিগড় জেলার সাসনি গেট থানা এলাকার এই চাঞ্চল্যকর ঘটনায় বিপাকে পড়েছে দুটি পরিবার।
পুলিশ সূত্রে খবর, মথুরা রোড এলাকার এই দুই তরুণীর বিয়ে হয়েছিল গত ৯ অক্টোবর। একজনের বিয়ে হয় কোর্টে, অন্যজনের বাড়িতে। বিয়ের মাত্র দুই দিন পরই, স্বামীর মঙ্গলকামনায় তাঁরা করবা চৌথের উপবাসও পালন করে। কিন্তু তাঁদের উদ্দেশ্য ছিল স্বামীর দীর্ঘায়ু নয়, শ্বশুরবাড়ির সম্পত্তি লুঠ করা।
অভিযোগ, করবা চৌথের রাতে দুই কনে একই কায়দায় চুরি করে। তারা বাড়ির শাড়িকে দড়ির মতো ব্যবহার করে দোতলা থেকে নিচে নেমে পালায়। পালানোর আগে, দুজনেই মিলে চারটি সোনার ব্রেসলেট, একটি আংটি, একটি মঙ্গলসূত্র এবং লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারগুলি এরপর সাসনি গেট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরিবারের পাশে দাঁড়িয়ে প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতী দাবি করেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি গ্যাংয়ের কাজ। তাঁর দাবি, এই চক্রের নেতার নাম মনোজ গুপ্ত। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত ডাকাতদলটিকে ধরার আশ্বাস দিয়েছে।
‘লুটেরি দুলহান’ গ্যাংয়ের ছায়া?
সাম্প্রতিক সময়ে উত্তরাখণ্ড-সহ দেশের বিভিন্ন প্রান্তে বিয়ে করে লুঠপাট করে পালিয়ে যাওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এর আগে উত্তরাখণ্ডের এক মহিলা এভাবে ৩ বার বিয়ে করে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা তুলেছিল বলে পুলিশ জানিয়েছিল। ওই মহিলা ম্যাট্রিমোনি সাইট খুঁজে বিশেষত ডিভোর্সি বা স্ত্রী-হারা ধনী পাত্রদের টার্গেট করত। আলিগড়ের এই ঘটনাতেও সেই ‘লুটেরি দুলহান’ চক্রের ছায়া দেখছেন অনেকে। পুলিশের খাতায় এই ধরনের আরও দুটি কেস নথিভুক্ত আছে এবং সেগুলিরও তদন্ত চলছে।