উত্তরবঙ্গের পড়ুয়াদের মাথায় হাত! অ্যাডমিট-রেজিস্ট্রেশন কার্ড বিনামূল্যে ফেরতের বন্দোবস্ত, যা জানাল সংসদ

উত্তরবঙ্গের ভয়াল বন্যা এবং ভূমিধসের জেরে বিপুল ক্ষয়ক্ষতির মুখে হাজারো মানুষ। এই প্রাকৃতিক বিপর্যয়ের চরম মূল্য দিতে হচ্ছে বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে। বন্যা ও ধসের কারণে উত্তরবঙ্গের একটা বড় অংশের পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ভেসে গিয়েছে বা নষ্ট হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের পরীক্ষার আগে এমন ঘটনায় চরম দুশ্চিন্তায় ছিলেন তাঁরা।

তবে, এবার সেই পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সংসদ জানাল, দুর্গত এলাকার পরীক্ষার্থীদের বিনামূল্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ডের প্রতিলিপি দেওয়া হবে। এর জন্য পরীক্ষার্থীদের আলাদা কোনও ফি বা টাকা দিতে হবে না।

কীভাবে মিলবে ডুপ্লিকেট কপি?
সংসদ সূত্রে খবর, পরীক্ষার্থীরা নিজেদের স্কুলের মাধ্যমে ডুপ্লিকেট কপির জন্য আবেদন জানাতে পারবে। এরপর স্কুলের তরফে আসা আবেদনের ভিত্তিতে দুর্গত এলাকার পরীক্ষার্থীদের খোয়া যাওয়া সমস্ত নথির প্রতিলিপি দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সংসদ।

এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “দুর্যোগের ফলে অনেক পড়ুয়া সমস্যায় পড়েছে। তাদের কথা ভেবেই বিনামূল্যে নথির প্রতিলিপি দেওয়ার এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব সমস্ত নথি সরবরাহের ব্যবস্থা করবে সংসদ।

বইপত্র নষ্ট? তারও ব্যবস্থা করছে সরকার
বন্যায় শুধু পরীক্ষার নথিই নয়, বহু পড়ুয়ার বইপত্রও নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত এই পড়ুয়াদের পাশেও দাঁড়িয়েছে সরকার। সংসদ জানিয়েছে, সরকারের তরফে দ্রুত বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের একটি তালিকা তৈরি করে জেলা পরিদর্শকের মাধ্যমে সংসদে পাঠাতে। সংসদ সভাপতি জানিয়েছেন, রিপোর্ট হাতে পেলেই বই পাঠানো শুরু হবে।

অন্যদিকে, ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, “শিক্ষা দফতর যে নির্দেশ দেবে, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ করব।”