বালুরঘাট হাসপাতালে সদ্যোজাত চুরির চেষ্টা, মদ্যপ অবস্থায় দুই মহিলা গ্রেফতার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন রোগীর পরিজনদের

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে বুধবার রাতে এক সদ্যোজাত শিশুকে চুরি করার চেষ্টার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে তাদের ১৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোনালি মুর্মু ও মেনকা মার্ডি। দুজনেরই বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের আশপাশে।
মদ্যপ অবস্থায় নবজাতক চুরির চেষ্টা
ঘটনাটি ঘটে বুধবার রাতে। পারপতিরামের এক প্রসূতির নবজাতককে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেছিল সোনালি ও মেনকা নামে ওই দুই মহিলা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই দুই মহিলাই ঘটনার সময়ে মদ্যপ ছিলেন। ওই অবস্থাতেই তারা সদ্যোজাত চুরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাতেনাতে ধরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ অপহরণ ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল চত্বর পরিদর্শনে যান ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ও বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস।
নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার ঘটনায় প্রসূতি বিভাগ-সহ গোটা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মদ্যপ অবস্থায় থাকার পরও কীভাবে ওই দুই মহিলা প্রসূতি বিভাগে প্রবেশ করল, তা এখনও পরিষ্কার নয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
হাসপাতালের এক রোগীর পরিজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালের মধ্যেই নিরাপত্তার অভাব। প্রসূতিরা এমনিতেই শারীরিক অবস্থা ঠিক থাকেন না, তাঁরা ক্লান্ত থাকেন। কোনও সময়ে ঘুমিয়ে পড়লে, পাশ থেকে ঘুমন্ত শিশুকে কেউ তুলে নিয়ে যেতেই পারে। যা অবস্থা হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষকেই আরও কঠোর পদক্ষেপ করতে হবে।”
নিরাপত্তা জোরদার
এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা আরও জোরদার করেছে। ভিজিটিং কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিরাপত্তারক্ষীদের কিভাবে সতর্ক থাকতে হবে, সে বিষয়ে পুলিশের তরফেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ঠিক কী কারণে ওই দুই মহিলা হাসপাতালে গিয়েছিল এবং নবজাতকটিকে কোলে নিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।