আফ্রিকানদের ধরপাকড়ের আতঙ্ক, তবুও খারিজ আবেদন! শরণার্থী সনদকে আইনি বৈধতা দিতে নারাজ সুপ্রিম কোর্ট

রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস (UNHCR) ভারতের অভ্যন্তরে আস্ত ‘শোরুম’ খুলে বসেছে! শরণার্থী সনদ (Refugee Certificate) নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনই কড়া ভাষায় মন্তব্য করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)।
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সুদানের নাগরিক ইয়াগৌব মহম্মদের অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়ে করা একটি মামলার শুনানি চলছিল।
শরণার্থী সনদ নিয়ে বিতর্ক
ইয়াগৌব মহম্মদের আইনজীবী আদালতে জানান, দিল্লিতে আফ্রিকার নাগরিকদের প্রবলভাবে ধরপাকড় চলছে, তাই ইয়াগৌব আতঙ্কিত। তাঁর স্ত্রী ও সদ্যোজাত সন্তান-সহ দুই শিশুকে রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক দপ্তর ইতিমধ্যেই শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং শংসাপত্রও দিয়েছে। আইনজীবীর দাবি, এই সনদ দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে পাওয়া যায়।
কিন্তু সেই বক্তব্য শুনেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সূর্য কান্ত। তিনি সরাসরি বলেন, “ওরা তো এখানে শোরুম খুলে বসেছে, যাকে-তাকে শংসাপত্র ধরিয়ে দিচ্ছে। তাই এই বিষয়ে বিশেষ কিছু বলব না।”
পাশে বসে বিচারপতি জয়মাল্য বাগচী আরও স্পষ্ট করে মন্তব্য করেন, “ভারত ১৯৫১ সালের রাষ্ট্রপুঞ্জ শরণার্থী বিষয়ক সভাকে স্বীকৃতি দেয়নি।”
ভারতে UNHCR সনদের আইনি বৈধতা নেই
উল্লেখ্য, যে চুক্তির ভিত্তিতে UNHCR বিভিন্ন দেশে শরণার্থী সনদকে বৈধতা দেয়, ভারত সেই ১৯৫১ সালের রাষ্ট্রপুঞ্জের শরণার্থী চুক্তি স্বাক্ষর করেনি। ফলে, ভারতের ক্ষেত্রে সেই শংসাপত্রের কোনও আইনি বৈধতা নেই বলেই জানায় আদালত।
অবশেষে, মামলাকারীর অন্তর্বর্তী আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত পরামর্শ দেয়, ইয়াগৌব মহম্মদ চাইলে অন্য কোনও দেশে আশ্রয়ের আবেদন করতে পারেন। আইনজীবীর দাবি, ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ দেশের শরণার্থী নীতিতে নতুন আলো ফেলল এবং রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থার ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন তুলল।