৩০ জনেরও বেশি ছাত্রীর অশ্লীল ছবি AI দিয়ে মর্ফ! ছত্তিশগড়ের ইঞ্জিনিয়ারিং কলেজে চরম শোরগোল, সাসপেন্ড অভিযুক্ত ছাত্র

কৃত্রিম মেধা (AI) ব্যবহার করে ৩০ জনেরও বেশি সহপাঠী ছাত্রীর অশ্লীল ছবি তৈরির অভিযোগে ছত্তিশগড়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। নয়া রায়পুরের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIIT)-র এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে তীব্র শোরগোল সৃষ্টি হয়েছে।

তৃতীয় বর্ষের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ, সে AI ব্যবহার করে ছাত্রীদের ছবি বিকৃত (মর্ফ) করেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রটির কাছ থেকে প্রায় এক হাজারেরও বেশি ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে।

তদন্ত কমিটি গঠন ও সরঞ্জাম বাজেয়াপ্ত
গত ৬ অক্টোবর কয়েকজন ছাত্রী অভিযোগ জানানোর পরই বিষয়টি প্রকাশ্যে আসে। ইনস্টিটিউটের রেজিস্ট্রার, অধ্যাপক শ্রীনিবাস জানান, অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে একটি তিন সদস্যের মহিলা তদন্ত কমিটি গঠন করা হয়। কলেজের কর্মীরা অভিযুক্ত ছাত্রের ঘরে তল্লাশি চালান এবং তার ফোন, ল্যাপটপ ও পেন ড্রাইভ বাজেয়াপ্ত করেন।

শ্রীনিবাস বলেন, “কোনও ব্যক্তিগত তথ্য যাতে বাইরে ফাঁস না হয়, তা নিশ্চিত করার জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযোগকারী ছাত্রীদের অভিভাবকদের সঙ্গেও কথা বলা হচ্ছে।” ছবিগুলি সত্যি ডিজিটাল পদ্ধতিতে তৈরি কি না এবং ক্যাম্পাসের বাইরে শেয়ার করা হয়েছে কি না, তা যাচাই করতে সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগের অপেক্ষায় পুলিশ
এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনার জেরে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার জন্য তারা লিখিত অভিযোগের অপেক্ষায় রয়েছে। রাখি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস রাজপুত বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনার তথ্য খতিয়ে দেখছে। “লিখিত অভিযোগ পেলেই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে,” তিনি জানান।

অভিযোগকারিণী ছাত্রীরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

AI অপব্যবহার: নতুন নৈতিক অবক্ষয়
মনস্তাত্ত্বিকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অশ্লীল ছবি তৈরির এই প্রবণতা আধুনিক যুগের এক গভীর সামাজিক ও মানসিক সংকটের প্রতিফলন। এটি কৌতূহল, যৌন হতাশা এবং ক্ষমতা প্রদর্শনের এক বিকৃত রূপ। প্রযুক্তি-নির্ভর এই প্রবণতা মানুষের মধ্যে ‘নৈতিক অবক্ষয়’ সৃষ্টি করছে এবং যৌনতা, সম্মতি ও গোপনীয়তার ধারণাকে বিপন্ন করে তুলছে। মনস্তত্ত্ববিদরা এই মানসিক বিকৃতি রোধ করতে শিক্ষা, নৈতিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি নিয়ন্ত্রণের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।