যোগী আদিত্যনাথকে প্রকাশ্য ধন্যবাদ মায়াবতীর! দলিতদের স্মৃতিস্তম্ভ নিয়ে SP-কে ‘দু-মুখো’ আক্রমণ ‘বহেনজি’-র

বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার এক অপ্রত্যাশিতভাবে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, তাঁর সরকারের আমলে নির্মিত দলিত স্মৃতিস্তম্ভ ও প্রতিষ্ঠানগুলির রক্ষণাবেক্ষণের বিষয়ে সমাজবাদী পার্টি (এসপি)-র “দ্বিমুখী” আচরণের তীব্র নিন্দা করেছেন ‘বহেনজি’।
বিএসপি-র প্রতিষ্ঠাতা কাঁসি রামের ১৯তম মৃত্যুবার্ষিকীতে লখনউতে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মায়াবতী মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে তাঁর আমলে তৈরি জাতীয় পার্ক এবং অন্যান্য স্মৃতিস্তম্ভ রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি পালন করার জন্য প্রশংসা করেছেন।
কেন যোগী সরকারকে ধন্যবাদ জানালেন মায়াবতী?
মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে মায়াবতী বলেছেন, “আমি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে অনুরোধ করেছি যে, দর্শনার্থীদের কাছ থেকে সংগৃহীত টিকিটের টাকা রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হোক। বিজেপি সরকার আমাদের আশ্বস্ত করেছে যে, এই অর্থ অন্যত্র ব্যবহার করা হবে না। কেবল রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। এই বিষয়ে বর্তমান সরকার পদক্ষেপও করেছে। এর জন্য, আমাদের দল এখনকার সরকারের প্রতি কৃতজ্ঞ।”
এসপি-র বিরুদ্ধে ‘দ্বিমুখী’ আচরণের অভিযোগ
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী অভিযোগ করেন, সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকাকালীন তাঁর আমলে তৈরি একাধিক দলিত স্মৃতিস্তম্ভ এবং পার্কগুলিকে নষ্ট করেছে এবং অবহেলা করেছে।
তিনি বলেন, “অখিলেশ সরকার দলিত স্মৃতিস্তম্ভগুলি রক্ষণাবেক্ষণের জন্য এক টাকাও খরচ করেনি। এমনকি টিকিট থেকে সংগৃহীত রাজস্বও সরকার রেখে দিয়েছিল। কিন্তু এখন, যখন তারা ক্ষমতার বাইরে, তখন তারা কাঁসিরামজির সম্মানে সেমিনার আয়োজনের কথা বলে ভেসে থাকার চেষ্টা করছে।”
মায়াবতী আরও অভিযোগ করেন যে, অখিলেশ যাদব যদি সত্যিই কাঁসিরামকে সম্মান করতেন, তবে তিনি আলিগড় বিভাগের কাঁসিরাম নগর জেলার নাম পরিবর্তন করে কাসগঞ্জ রাখতেন না।
অখিলেশের পাল্টা আক্রমণ
মায়াবতী এসপি-কে ক্ষমতার লোভে দলিত প্রতীকদের সহযোগিতা করার অভিযোগ করেন। তিনি পিডিএ (পিছড়ে, দলিত, অল্পসংখ্যা- অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘু) সম্প্রদায়ের মানুষদের কাছে এসপি-র ‘দু-মুখো’ চরিত্র নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএসপি প্রধানের এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ করেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি কারও নাম না করে বলেন, “ওদের ভেতরে যোগসাজশ অব্যাহত রয়েছে, তাই তারা তাদের নিপীড়কদের প্রতি কৃতজ্ঞ।” উত্তরপ্রদেশের রাজনীতিতে বিএসপি ও বিজেপির মধ্যে ‘অভ্যন্তরীণ আঁতাত’ রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।