মাছেরা আশ্রয় নিয়েছিল মাটির তলায়! পাম্পের টানেই উপরে উঠে এলো, টিউবওয়েল দিয়ে মাছ উদ্ধারের ঘটনায় হতবাক গ্রামবাসীরা

টিউবওয়েলে পাম্প করলে জল বের হয়—এটাই স্বাভাবিক। কিন্তু উত্তরপ্রদেশের গাজিপুরের জমসড়া গ্রামের মানুষ গত ৪ অক্টোবরের পর যে দৃশ্যের সাক্ষী হলেন, তা কেবল অবিশ্বাস্যই নয়, সম্পূর্ণ অপ্রত্যাশিত। টিউবওয়েলের হ্যান্ডলে চাপ দিতেই জল নয়, ছিটকে ছিটকে বেরিয়ে আসছে নানা ধরনের জীবন্ত মাছ!

গত ৪ অক্টোবর ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়েছিল। তার পরদিন গ্রামবাসীরা যখন জলের জন্য টিউবওয়েলে পাম্প করতে যান, তখনই দেখা যায় ঘোলা হলদে জলের সঙ্গে বেরিয়ে আসছে এক ঝাঁক মাছ। মাছেরা ডাঙায় পড়ে লাফাতেও শুরু করে। এমন প্রচুর মাছ উঠতে থাকে।

শুধু একটি নয়, একাধিক টিউবওয়েলে মাছ
আরও আশ্চর্যের বিষয় হলো, এই আজব কাণ্ড গ্রামের একটিমাত্র টিউবওয়েলেই ঘটেনি। গ্রামের অনেকগুলি টিউবওয়েলেই এমন ঘটনা ঘটেছে। খবর ছড়িয়ে পড়তে দ্রুত আশেপাশের এলাকা থেকে অনেকে ভিড় জমান, নিজেদের চোখে ঘটনাটি দেখার জন্য।

কেন এমন হলো? প্রাথমিক ধারণা কী?
প্রাথমিকভাবে অনেকে মনে করছেন, এই প্রবল বৃষ্টিই এই আজব কাণ্ডের কারণ। বিশেষজ্ঞদের ধারণা, প্রবল বৃষ্টির কারণে মাটির তলার জল কোনোভাবে কাছাকাছি থাকা পুকুর বা জলাশয়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছিল। মাটির গভীরে মাছেরা আশ্রয় নিয়েছিল এবং টিউবওয়েলের পাম্পের সঙ্গে চাপের ফলে সেই মাছগুলি জলের স্রোতে উপরে উঠে আসতে থাকে।

কারণ যাই হোক না কেন, মাটির তলা থেকে টিউবওয়েল মারফত মাছ উঠে আসার ঘটনায় গ্রামবাসীদের অবাক হওয়াটা যেন আর কাটছে না।