যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা! ঐতিহ্যের ব্রিজে ফাটল ধরতেই রেলের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ পুরসভার

মধ্য হাওড়ার সঙ্গে উত্তর হাওড়ার যোগাযোগের অন্যতম মাধ্যম, ৯২ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মার্টিন ব্রিজ-এর (বাঙালবাবু ব্রিজ নামে পরিচিত) গুরুত্বপূর্ণ অংশে ফাটল দেখা দেওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার জিটি রোডের এই ব্যস্ততম ব্রিজের প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা ফাটল নজরে আসে স্থানীয়দের।
সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। তিনি ব্রিজের নীচে সাপোর্ট দেওয়ার কাজ শুরু করার জন্য রেলকে ধন্যবাদ জানালেও, রেলের সামগ্রিক উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন।
ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে ধোঁয়াশা, পুরসভার ক্ষোভ
হাওড়া সিটি পুলিশের তরফে দ্রুত গার্ডরেল দিয়ে ফাটল ধরা অংশটি ঘিরে ফেলা হয়েছে। ফলে মধ্য হাওড়ার সঙ্গে সালকিয়া, বালি, বেলুড়, লিলুয়ার মতো এলাকার যোগাযোগের এই প্রধান মাধ্যমটিতে যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
ফাঁসিতলা মোড় থেকে গুলমোহর মোড় পর্যন্ত বিস্তৃত এই ব্রিজের পেট্রল পাম্প থেকে ওঠার পরই ডানদিকের অংশে ফাটলটি দেখা যায়। ফাটলের কারণে পাশের পাঁচিলটিও খানিকটা হেলে গিয়েছে।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সরাসরি রেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি জানান, “ব্রিজ রক্ষণাবেক্ষণের বিষয়ে রেল চূড়ান্ত উদাসীন। ব্রিজে বিপজ্জনকভাবে ফাটল ধরেছে। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” তিনি অবিলম্বে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য রেল ও হাওড়া সিটি পুলিশকে জানানোর কথাও বলেন।
ফাটলের কারণ কি নতুন ফ্লাইওভারের ভাইব্রেশন?
বাঙালবাবু ব্রিজে ফাটল ধরার কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ব্রিজের পাশেই রেলের তরফ থেকে একটি নতুন ফ্লাইওভার তৈরি করার কাজ চলছে। সেই কাজের জেরে সৃষ্ট ভাইব্রেশনের কারণেই প্রাচীন এই ব্রিজে ফাটল দেখা দিয়েছে।
অন্যদিকে, পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে রেলের পক্ষ থেকে একটি বৈঠকও করা হয়েছে এবং দ্রুত রাস্তা মেরামতির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। তবে রেলের সবুজ সংকেত না মেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে এখনও ধন্ধে রয়েছে পুলিশ।