প্রেসিডেন্টের চেয়েও দামি ‘উকিল’ নির্বাচন! ১.২ লক্ষ টাকা কেন লাগবে? আইনজীবীরা গেলেন আদালতে

বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI)-এর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে দেশের আইনজীবীদের মধ্যে বড়সড় অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্টেট বার কাউন্সিলের নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ফি ১০ হাজার টাকা থেকে এক লাফে ১ লক্ষ ২৫ হাজার টাকায় বৃদ্ধি করা হয়েছে। এই আকাশছোঁয়া ফি বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছেন আইনজীবীরা। বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

 

‘সাধারণ আইনজীবীদের অধিকার হরণ’

 

ঝাড়খণ্ড হাইকোর্টে এই চ্যালেঞ্জ জানিয়েছেন অ্যাডভোকেট ধীরাজ কুমার। তাঁর যুক্তি, বার কাউন্সিলের এই অপ্রত্যাশিতভাবে ফি বাড়ানো ‘সম্পূর্ণ অনুচিত’। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের সাধারণ আইনজীবীরা নির্বাচনী প্রক্রিয়া থেকে বঞ্চিত হবেন।

মামলায় ধীরাজ কুমার স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র ‘পুঁজিবাদী সংস্কৃতিকে’ মদত দেবে এবং সমাজের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আইনজীবীদের ‘রাজনৈতিক অধিকার’ খর্ব করবে। কারণ, এই বিপুল পরিমাণ ১ লক্ষ ২৫ হাজার টাকা নন-রিফান্ডেবল অর্থাৎ কোনো পরিস্থিতিতেই তা ফেরত দেওয়া হবে না। এর ফলে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনজীবীদের অংশগ্রহণ গুরুতরভাবে প্রভাবিত হবে।

 

প্রেসিডেন্ট নির্বাচনের চেয়েও ফি বেশি!

 

মনোনয়ন ফি বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ধীরাজ কুমার আদালতে বিস্ময় প্রকাশ করে বলেছেন, “দেশের রাষ্ট্রপতি নির্বাচনেও সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত মনোনয়ন ফি লাগে। সেখানে স্টেট বার কাউন্সিলের একটি নির্বাচনে কীভাবে ১ লক্ষ ২৫ হাজার টাকা মনোনয়ন ফি ধার্য করা যেতে পারে?”

অ্যাডভোকেট ধীরাজ কুমার হাইকোর্টে তাঁর পিটিশনের মাধ্যমে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের সেই বিজ্ঞপ্তি (পত্র সংখ্যা ৬৯৮০/২০২৫)-এর ওপর তাৎক্ষণিক স্থগিতাদেশ চেয়েছেন। তিনি আবেদন করেছেন, পূর্বের ন্যায় যাতে ১০ হাজার টাকা মনোনয়ন ফি-ই বহাল রাখা হয়।

বার কাউন্সিলের এই সিদ্ধান্তের ওপর আদালতের রায় কী হয়, এখন সেদিকেই নজর দেশের লক্ষ লক্ষ আইনজীবীর।