“২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না করলে…?”-খগেন মুর্মু কাণ্ডে মমতা সরকারকে ওয়ার্নিং রাজ্যপালের

জলপাইগুড়ির বানারহাটে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের ঘটনায় রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও একজন অভিযুক্তও গ্রেপ্তার না হওয়ায় তিনি রাজ্য সরকারকে সংবিধানের কথা মনে করিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

রাজ্যপাল সাফ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি রাজ্য সরকার ও পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপ না করে, তবে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও কী ব্যবস্থা নেওয়া হবে, তা তিনি পরিষ্কার করেননি।

হামলার পর তোলপাড় রাজ্য রাজনীতি
গত সোমবার জলপাইগুড়ির বানারহাটে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ-সহ বিজেপির প্রতিনিধি দল। সেখানেই তাঁদের ওপর একদল লোক চড়াও হয়। হামলায় সাংসদ মুর্মুর মুখ ফেটে যায়।

ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও রাজনীতি করছেন। যদিও মুখ্যমন্ত্রী পরে নিজেই হাসপাতালে গিয়ে আহত সাংসদকে দেখতে যান এবং জানান যে সাংসদের নাকের কাছে আঘাত লেগেছে, তবে তিনি ডায়াবেটিক হওয়ায় পরিস্থিতি কিছুটা জটিল।

‘আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’, ক্ষুব্ধ রাজ্যপাল
অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি অনড় থাকলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ। এরই মধ্যে আজ রাজ্যপাল সরাসরি পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দেন।

রাজ্যপাল বোস স্পষ্ট ভাষায় বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ। পশ্চিমবঙ্গে তা ভেঙে পড়ছে। একজন তপশিলি সাংসদকে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। এভাবে চলতে পারে না। অপরাধীরা কোথায়? বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষ গুন্ডাদের ভয় পাচ্ছে। আমরা তা সমর্থন করতে পারি না। রাজ্যের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। সবাইকে দুষ্কৃতীদের বিরুদ্ধে একজোট হতে হবে। যদি এই অরাজকতার মোকাবিলা না করা যায়, তাহলে রাজ্যের মানুষই ফল ভোগ করবে, তাদের মূল্য চোকাতে হবে। সরকারকে পদক্ষেপ করতেই হবে।”

সাংসদ-বিধায়কের আঘাত গুরুতর
এদিকে, হাসপাতাল সূত্রে খবর, আহত সাংসদ খগেন মুর্মুর বাঁ চোখের নীচের হাড়ে আঘাত লেগেছে, যার জন্য অপারেশন করতে হবে। কিন্তু তিনি ডায়াবেটিক হওয়ায় অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। অন্যদিকে, বিধায়ক শঙ্কর ঘোষকে হাসপাতাল থেকে ছাড়া হলেও তাঁর ডান হাতের লিগামেন্টে আঘাত রয়েছে।