৩০ হাজারী কোর্টে মর্মান্তিক ঘটনা! ডিউটিতে হাসতে হাসতে ঢোকার পরেই লুটিয়ে পড়লেন ASI

দিল্লির ৩০ হাজারী আদালত (Tis Hazari Court) চত্বরে ডিউটি চলাকালীন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। কর্তব্যরত অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে প্রাণ হারালেন দিল্লি পুলিশের একজন সহকারী সাব-ইন্সপেক্টর (ASI)। জানা গিয়েছে, গত ৬ অক্টোবর সকাল ৯টা ২২ মিনিট নাগাদ এই দুঃখজনক ঘটনাটি ঘটে।
মৃত এএসআই দিল্লি পুলিশের সিকিউরিটি উইং-এ কর্মরত ছিলেন এবং ওই দিন আদালত চত্বরেই তাঁর ডিউটি ছিল। এই ঘটনার পুরো দৃশ্য আদালত চত্বরের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এএসআই হাসিমুখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোর্ট চত্বরে প্রবেশ করছেন। ঢোকার মুখেই তিনি তাঁর এক মহিলা সহকর্মীর সঙ্গে হাত মেলান এবং এরপর এস্কেলেটরের দিকে এগিয়ে যান। কিন্তু কয়েক কদম হাঁটার পরেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পুলিশকর্মী এবং সাধারণ মানুষ দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন এবং তাঁকে তোলার চেষ্টা করেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ডিউটি চলাকালীন এভাবে সহকর্মীর আকস্মিক মৃত্যুতে দিল্লি পুলিশ বিভাগ কার্যত স্তব্ধ। এই দুঃখজনক ঘটনায় তাঁর সহকর্মী এবং পরিবার-পরিজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।