বিহারের জোট রাজনীতিতে চরম চাপানউতোর! ১৫ আসন না পেলে লড়বে না জিতন মাঝির দল, অস্বস্তিতে NDA

বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শিবিরে আসন রফা ও প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা তুঙ্গে। একদিকে মহাগঠবন্ধনে কংগ্রেস তাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, অন্যদিকে শাসক NDA জোটে আসন ভাগাভাগি নিয়ে অস্বস্তির সুর স্পষ্ট হয়ে উঠেছে।
NDA-তে জিতন মাঝির ‘১৫ আসনের শর্ত’
এনডিএ-তে অস্বস্তির কেন্দ্রে রয়েছেন জোট সহযোগী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি (Jitan Ram Manjhi)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দল ‘হিন্দুস্তান আওয়াম মোর্চা’কে (HAM) যদি অন্তত ১৫টি আসন না দেওয়া হয়, তবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর দল এনডিএ শিবিরেই থাকবে।
মাঝি বলেন, “আমরা এনডিএ নেতাদের কাছে প্রার্থনা করছি, কারণ আমরা অপমানিত বোধ করছি। আমরা এমন কিছু আসন চাই যা আমাদের রাজনৈতিকভাবে সম্মান দেয়। যদি আমাদের প্রস্তাবিত আসন সংখ্যা না দেওয়া হয়, আমরা নির্বাচনে লড়ব না। তবে এনডিএ-র পাশে থাকব।” তিনি যোগ করেন, “আমাদের পার্টির সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, কেবল চাই আমাদের দলকে স্বীকৃতি দেওয়া হোক।”
এই পরিস্থিতি সামাল দিতে বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা মাঝির সঙ্গে যোগাযোগ করে তাঁকে শান্ত করার চেষ্টা করেছেন বলে সূত্র মারফত জানা গেছে।
বিজেপির দাবি: ‘সব ঠিক আছে’, নীতীশই মুখ
এদিকে, আজ পাটনায় বিজেপির নির্বাচন কমিটির বৈঠক হয়েছে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেশব প্রসাদ মৌর্য-সহ বিহারের বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজেপি নেতারা দাবি করেছেন, “কোনও সমস্যা নেই এনডিএ-তে। শিগগিরই আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। কারও অসন্তোষ নেই। সকলেই খুশি আছেন।” বিজেপি নেতা গিরিরাজ সিং দাবি করেছেন, বিহারে নীতীশ কুমারকে (Nitish Kumar) মুখ্যমন্ত্রী মুখ করেই লড়াই করবে এনডিএ।
মহাগঠবন্ধনে কংগ্রেসের তৎপরতা ও ‘চার্জশিট’
অন্যদিকে, বিরোধী মহাগঠবন্ধনে আসন রফার প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এদিন ৩০টি বিধানসভা আসন নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ২৫ আসনে দলের প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। এবার নির্বাচনে ৬০টির কাছাকাছি আসনে লড়তে চাইছে কংগ্রেস। জোটের সামগ্রিক আসন সমঝোতা হয়ে যাওয়ার পরেই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
এছাড়াও, আগামীকাল, বৃহস্পতিবার এনডিএ সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কংগ্রেস। বিহারে দলীয় কার্যালয় সদাকত আশ্রমে সাংবাদিক বৈঠক করে জয়রাম রমেশ, অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল এনডিএ-র বিরুদ্ধে একটি ‘চার্জশিট’ পুস্তিকা প্রকাশ করবেন। এই পুস্তিকায় নীতীশ সরকারের ব্যর্থতার খতিয়ান ও দুর্নীতির ইস্যু তুলে ধরা হবে।
এদিকে, নির্বাচন কমিশন বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে আদর্শ আচরণবিধি কঠোরভাবে কার্যকরের নির্দেশ দিয়েছে। প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে।