‘রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্ষতি এক ট্রিলিয়ন ডলার’
ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রায় এক ট্রিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভ সরকারের এক কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এএফপির।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ওলেগ ওসতেনকো বলেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেন। ফেব্রুয়ারিতে আক্রমণের আগে ইউক্রেনের বার্ষিক জিডিপি যা ছিল এই সংখ্যা তার পাঁচগুণের সমান বলে উল্লেখ করেন তিনি।
এর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয় যে, রাশিয়ার হামলার প্রথম দুই সপ্তাহে ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার। ওসতেনকো বলেন, সংঘাতের কারণে যে পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হয়েছে তা সরকারি অর্থায়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস না হলেও তারা আগের মতো পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না।
এদিকে ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে শাস্তি দিতে জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি বিশেষ ট্রাইব্যুনাল এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো বাতিল করারও আহ্বান জানান তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগে থেকে রেকর্ড করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে এবং আমরা এর ন্যায্য শাস্তি দাবি করছি।
জেলেনস্কি বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য একটি পাঁচ-দফা পরিকল্পনা রয়েছে কিয়েভের। এর মধ্যে শুধু মস্কোকে তাদের আগ্রাসনের জন্য শাস্তি দেওয়া নয়, একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিতের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, আগ্রাসনের অপরাধের শাস্তি, সীমানা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের জন্য শাস্তি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শাস্তি তাদের পেতেই হবে।