পুজো শেষ হতেই মালদা রাজনীতিতে ‘ভূমিকম্প’! রাজ্যসভার সাংসদ মৌসম নুর কি ফিরছেন পুরনো ঘরে?

দুর্গাপুজো শেষ হতেই মালদা জেলার রাজনীতিতে জোরদার রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম নুর (Mausam Noor)। হাওয়ায় ভাসছে, আগামী বিধানসভা নির্বাচনের আগেই তিনি তৃণমূল (TMC) ছেড়ে তাঁর পুরনো দল কংগ্রেসে (Congress) ফিরতে পারেন।

তবে এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে আপাতত গুটিয়ে নিয়েছেন মৌসম। তিনি বলেছেন, তিনি তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী এবং দলের নির্দেশ মেনেই কাজ করে যাবেন।

ইশা খানের খোলা বার্তা: ‘আসতে চাইলে চলে আসুন’
এদিকে, মৌসম নুরের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি তথা মালদার একমাত্র কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরি (Isha Khan Chowdhury)। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুধু মৌসম নন, তৃণমূল ছেড়ে যারা কংগ্রেসে যোগ দিতে ইচ্ছুক, প্রত্যেককেই দলে স্বাগত জানানো হবে।

ইশা খান চৌধুরি বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি, যাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসতে চান, তাঁদের জন্য দরজা খোলা রয়েছে। কংগ্রেস বরকত গনি খানের পার্টি, মহাত্মা গান্ধি, রাহুল গান্ধির পার্টি… ভালো মানুষকে আমরা সবসময় চাই।”

একই পরিবার এবং একই আবহের মধ্যে বড় হওয়ার কারণে মৌসমের প্রতি তাঁর ‘সফট কর্নার’ থাকা স্বাভাবিক বলেও মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক জীবনের ‘টুইস্ট’ ও বর্তমান পরিস্থিতি
খান চৌধুরি পরিবারের রাজনীতির আবহেই বড় হয়েছেন বরকত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম নুর। মায়ের মৃত্যুর পর ২০০৮ সালে সুজাপুর উপনির্বাচনে জিতে সংসদীয় রাজনীতিতে তাঁর প্রবেশ। এরপর ২০০৯ ও ২০১৪ সালে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হন তিনি।

কিন্তু ২০১৯ সালে নিজের রাজনৈতিক জীবনে বড়সড় মোড় এনে তৃণমূলে যোগ দেন। যদিও লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। পরবর্তীতে ২০২০ সালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে রাজ্যসভার সাংসদ করেন।

কেন ফিরতে পারেন মৌসম? জল্পনা তুঙ্গে
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই জল্পনার মূল কারণ হলো মৌসমের রাজনৈতিক ভবিষ্যৎ।

আগামী মার্চ মাসে তাঁর রাজ্যসভার সাংসদের মেয়াদকাল শেষ হচ্ছে।

এরপর তাঁর সঙ্গে মানুষের সরাসরি কোনও যোগাযোগ থাকবে না।

তিনি দলের জেলা সভানেত্রীর পদও অনেক আগেই খুইয়েছেন, এবং সেই পদে ফেরা কার্যত অসম্ভব।

যে কোতওয়ালি ভবনের রাজনীতিতে তিনি বড় হয়েছেন, সেখানে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই হলো প্রধান নীতি। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ মহলে মৌসম এই বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে মালদা উত্তর কেন্দ্রে তাঁর গতিবিধি বেড়েছে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, মানুষের সঙ্গে মিশছেন—ঠিক যেমনটা দেখা যেত নির্বাচিত সাংসদ থাকাকালীন।

যদিও মৌসম নিজে বারবারই তৃণমূলের প্রতি আনুগত্য প্রকাশ করে বলছেন, “দল যা দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব পালন করতে রাজি আছি”, তবুও রাজনৈতিক মহলের চোখ এখন মালদার এই হাই-প্রোফাইল নেত্রীর দিকে। রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার আগেই কি তিনি কোনও বড় সিদ্ধান্ত নেবেন? সেই অপেক্ষাতেই রয়েছে বাংলার রাজনীতি।