হামলার পর বাধা বিমানবন্দরে, ‘গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত!’ ধর্ণার পর অবশেষে তৃণমূলের প্রতিনিধি দল এল পার্টি অফিসে

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের (TMC) পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার পর পরিস্থিতি পরিদর্শনে আসা ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আগরতলা বিমানবন্দরে ‘অশোভন আচরণের’ অভিযোগ উঠল পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। বুধবার দুপুরে আগরতলা পৌঁছনোর পর তাঁদের জন্য বরাদ্দ চারটি গাড়ির মধ্যে তিনটি গাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে বিমানবন্দরের বাইরে ধর্ণায় বসেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ-সহ প্রতিনিধি দলের সদস্যরা।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, প্রশাসনের এই পদক্ষেপ বিজেপির প্ররোচনায় ঘটানো হয়েছে এবং তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তাঁর দাবি, “এভাবে তৃণমূলকে আটকানো যাবে না।”
পরবর্তী সময়ে প্রতিনিধি দল বিমানবন্দর থেকে পায়ে হেঁটে আগরতলা চিত্তরঞ্জন রোড স্থিত প্রদেশ অফিসে যাওয়ার পরিকল্পনা নেন। কিন্তু পুলিশ ও প্রশাসন ‘পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়’—এই কারণ দেখিয়ে তাঁদেরকে পায়ে হেঁটে যাওয়ার অনুমতি দেয়নি বলে কুণাল ঘোষ অভিযোগ করেন। পরে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে গাড়ি দেওয়া হলে প্রতিনিধি দলটি হামলার শিকার হওয়া প্রদেশ অফিসে এসে পৌঁছায়।
ভাঙা পার্টি অফিসে দাঁড়িয়ে প্রতিবাদ
প্রতিনিধি দলের সদস্যরা সেখানে এসেই রাতের অন্ধকারে হামলা হওয়া দলীয় পতাকা, ফুলের টব ও সাইনবোর্ডগুলি পরিদর্শন করেন। পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা রাস্তায় পড়ে থাকা দলীয় পতাকাগুলি নিজে হাতে তুলে পার্টি অফিসে নিয়ে রাখেন। এই হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে লেখে, “ক্ষমতাসীনরা যখন তাঁদের বিরোধীদের স্তব্ধ করতে হিংসাকে হাতিয়ার করছে, তখন তারা শক্তি নয়, নিজেদের ভয় ও নৈতিক দেউলিয়াকেই প্রকাশ করছে।”
হামলার ভিডিও ফুটেজ হাতে নিয়ে DGP-র সঙ্গে সাক্ষাৎ
দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন শেষে প্রতিনিধি দলটি রাজ্যের পুলিশের মহা নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে এবং গতকাল রাতে পার্টি অফিসে হামলার বিষয়ে আলোচনা করেন। এই দলে ছিলেন কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, সুস্মিতা দেব, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল ও সুদীপ রাহা।
সাক্ষাৎ শেষে সাংসদ সুস্মিতা দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমাদের কাছে প্রমাণ রয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকারের বিধায়ক এবং সংগঠনের শীর্ষ নেতৃত্বরা তৃণমূল পার্টি অফিসের আক্রমণের সঙ্গে জড়িত রয়েছেন এবং তৃণমূলের কাছে ভিডিও ফুটেজ রয়েছে।”
তিনি আরও যোগ করেন, ২০২১ সালে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির গাড়ির উপর হামলা হয়েছে, তাঁর নিজের গাড়ির উপরও হামলা হয়েছে, কিন্তু গত চার বছরেও কেউ আটক হয়নি। তবে সুস্মিতা দেব আশাবাদী, “বর্তমানে ত্রিপুরা রাজ্যের পুলিশের নতুন মহা নির্দেশকের উপর তৃণমূল কংগ্রেসের আস্থা রয়েছে।” তিনি জানান, আগামিকাল পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে এফআইআর কপি জমা দেবেন তাঁরা।