অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ৬ জনের মৃত্যু, অন্যদিকে বেঙ্গালুরুতে জীবন্ত ঝলসে মুর্শিদাবাদের ৭ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আবারও ঘটল। অন্ধ্রপ্রদেশের কোনাসীমা (Konaseema) জেলার রায়াবরম মণ্ডলে অবস্থিত একটি লাইসেন্সপ্রাপ্ত বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ছ’জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দু’জন গুরুতরভাবে ঝলসে গিয়েছেন, যাঁদের আনাপার্থি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রায়াবরম মণ্ডলের লক্ষ্মী গণপতি বন সঞ্চা প্রস্তুতি কেন্দ্রে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দাহ্য বস্তু মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জেলা পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বারুদ তৈরির সময় অথবা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, যদিও ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়।
টিডিপির সাধারণ সম্পাদক নারা লোকেশ (Nara Lokesh) ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “শ্রমিকদের আগুনে আটকে পড়া এবং জীবন্ত ঝলসে মৃত্যু হৃদয়বিদারক। সরকার ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সম্ভাব্য সকল উপায়ে থাকবে।”
বেঙ্গালুরুতেও ভয়াবহ অগ্নিদগ্ধ: মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক
এদিকে, অন্ধ্রপ্রদেশের এই দুর্ঘটনার ঠিক আগেই, বেঙ্গালুরুতে আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। রাজমিস্ত্রির কাজ করতে মুর্শিদাবাদ জেলা থেকে কর্নাটকের বেঙ্গালুরুতে যাওয়া সাতজন পরিযায়ী শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।
জানা গিয়েছে, প্রায় এক মাস আগে হাসান মণ্ডল নামে এক ঠিকাদারের অধীনে কাজ করতে এই শ্রমিকেরা বেঙ্গালুরুর বিরডি এলাকায় যান। বহুতল নির্মাণের কাজের পাশে একটি ছোট ঘরে তাঁরা থাকতেন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক তারিক আজিজ জানান, সোমবার গভীর রাতে ঘরে আগুন লাগার কারণে গভীর ঘুমে থাকা শ্রমিকেরা বাইরে বের হতে পারেননি এবং গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন।
বেঙ্গালুরুর সিটি মার্কেটের কাছে একটি সরকারি হাসপাতালে আহত এই সাত পরিযায়ী শ্রমিক (মিনারুল শেখ, জিয়াবুর শেখ, হাসান মন্ডল, তাজিবুর শেখ, নুরজামাল শেখ, শাফিজুল শেখ এবং জাহিদ আলী) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শরীরের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।