উত্তরবঙ্গের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর! হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু-শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী

উত্তরবঙ্গের বন্যা দুর্গত এলাকায় গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হাসপাতালে গিয়ে শুভেন্দু অধিকারী চিকিৎসাধীন দুই বিজেপি নেতার সঙ্গেই কথা বলেন এবং তাঁদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন।

উত্তরবঙ্গে ত্রাণ বিতরণের সময় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। শুভেন্দু অধিকারী এর আগে এই ঘটনা নিয়ে কড়া ভাষায় মন্তব্য করে এনআইএ (NIA) বা সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছেন এবং হাইকোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন।

তাঁর এই সফর রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।