গেট আউট কাওয়ার্ডস!’ এশিয়ান টুর্নামেন্টে না খেলায় ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ মোহনবাগান জনতা, অনুশীলনে তুমুল বিক্ষোভ

আইএফএ শিল্ডের প্রথম ম্যাচের ঠিক ৪৮ ঘণ্টা আগে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান সমর্থকরা। ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’য়ের (ACL-2) ম্যাচ খেলতে না-যাওয়ায় ক্লাবের যে সম্মানহানি হয়েছে, সেই সম্মান পুনরুদ্ধারের জন্য ম্যানেজমেন্ট যতদিন না কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে, ততদিন এই বিক্ষোভ-আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ‘মোহনবাগান জনতা’।

হোসে মোলিনার দলের দ্বিতীয় দিনের অনুশীলনের বাইরে এই ঘটনা নিঃসন্দেহে দলের জন্য এক খারাপ বার্তা।

সমর্থকদের ক্ষোভ ও হুঁশিয়ারি
টানা দু’বছর একই ঘটনা ঘটায় সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। গত বছরও যুদ্ধ পরিস্থিতির জেরে ইরানে ট্র্যাক্টর এফসি’র বিরুদ্ধে ম্যাচ খেলতে যেতে অস্বীকার করেছিল আইএসএল চ্যাম্পিয়নরা। এবারও নিরাপত্তার অভাব বোধ করিয়ে সেপাহান এসসি’র বিরুদ্ধে ম্যাচ খেলতে যেতে অস্বীকার করে মোহনবাগান।

বিক্ষোভ: এদিন তাই যুবভারতীর অনুশীলন মাঠ সংলগ্ন এলাকায় ম্যানেজমেন্টের প্রতি ধিক্কার ছুঁড়ে দেন তাঁরা। তাঁদের ব্যানারে লেখা ছিল ‘গেট আউট কাওয়ার্ডস’।

প্রশ্ন: সমর্থকদের প্রশ্ন, এশীয় স্তরের প্রতিযোগিতা থেকে এভাবে পালালে আইএসএল শিল্ড জয়ের কোনো অর্থই থাকে না।

বাগবিতণ্ডা: অনুশীলনের বাইরে বিক্ষোভ দেখানোই কেবল নয়, মাঠ থেকে হোটেলে ফেরার সময় জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসদেরও পথ আটকান অনুরাগীরা। ফুটবলারদের সঙ্গে সমর্থকদের বাগবিতণ্ডাও হয়।

ক্লাব তাঁবুতে বৈঠকের দাবি
সমর্থকরা দাবি জানিয়েছেন, ক্লাবের সম্মানহানির পরিপ্রেক্ষিতে ম্যানেজমেন্ট কী পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে সমস্ত ফ্যান ক্লাবের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসতে হবে। সবচেয়ে বড় কথা, সেই বৈঠকের স্থান যেন মোহনবাগান ক্লাব তাঁবু হয়, সেই দাবিও জানিয়ে দিয়েছেন তাঁরা।

শিল্ডের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত মোহনবাগান
এদিকে ১২৫তম আইএফএ শিল্ডের সাংবাদিক সম্মেলনেও এদিন গরহাজির ছিল মোহনবাগান। অন্যান্য দলের প্রতিনিধিরা থাকলেও দেখা মেলেনি সবুজ-মেরুন কোচের। পরে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, অনুশীলনের ব্যস্ত সূচির জন্যই মোহনবাগানের অনুপস্থিতি।

অন্যদিকে, ইস্টবেঙ্গলের ডেভলপমেন্ট কোচ বিনো জর্জ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি জানান, “আমরা জানি এটা ঐতিহাসিক টুর্নামেন্ট। ২৯ বার শিল্ড জিতেছি আমরা। সুপার কাপের আগে অবশ্যই শিল্ডে বুঝে যাব দল কতটা তৈরি।” তবে উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান রিজার্ভ দল নিয়ে আসায় সাবধানী বিনো জর্জ। তিনি আশা করছেন, আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচ থেকে তারা সব বিদেশি ফুটবলারকে পেয়ে যাবেন। তবে ভিসার সমস্যায় ইস্টবেঙ্গলের নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি এখনও শহরে পৌঁছতে পারেননি।