‘ম্যাগি’ খাওয়ার লোভে দিদির বিয়ের আংটি নিয়ে সোজা দোকানে! কানপুরে ১৩ বছরের কিশোরের কাণ্ডে শোরগোল

দিদির বিয়ে নিয়ে বাড়িতে সাজ সাজ রব। তারই মাঝে ১৩ বছরের এক কিশোর এমন কাণ্ড ঘটাল, যা শুনে হাসবেন না কাঁদবেন, তা ভেবে পাচ্ছেন না কেউ। একটি ম্যাগি খাওয়ার লোভে সে সকলের নজর এড়িয়ে দিদির বিয়ের আংটি চুরি করে সোনা দোকানে বেচতে এসেছিল!
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের শাস্ত্রীনগর এলাকায়।
যেভাবে ধরা পড়ল কিশোর
পরিবারের সকলের নজর এড়িয়ে কিশোরটি দিদির বিয়ের আংটিটি লুকিয়ে নিয়ে এলাকার একটি সোনার দোকানে হাঁটা দেয়। দোকানে গিয়ে সে সটান মালিককে আংটিটি দেখিয়ে সেটি বিক্রি করার কথা বলে।
এক নাবালক কিশোরের হাতে আংটি দেখে অবাক হয়ে যান দোকান মালিক। তিনি আংটিটি সরিয়ে রেখে কিশোরকে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। এই প্রশ্নোত্তর পর্বেই দোকানি জানতে পারেন, কিশোরটি কোনও খারাপ উদ্দেশ্যে নয়, বরং আংটি বিক্রির টাকা দিয়ে একটি ম্যাগি কিনে খাবে— স্রেফ এই ইচ্ছা থেকেই সে এমন কাজ করেছে।
আংটি ফেরত পেলেন মা
কিশোরের কাছে গোটা ঘটনা জানার পর দোকান মালিক তার মায়ের ফোন নম্বর নিয়ে ফোন করেন। তিনি দ্রুত একবার দোকানে আসতে বলেন। ফোন পেয়ে মা দোকানে পৌঁছলে তিনি সব ঘটনা জানান। আংটিটি দেখেই কিশোরের মা চিনতে পারেন— এ তো তাঁর মেয়ের বিয়ের আংটি! আংটি হাতে পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
দোকান মালিক জানান, ওই এলাকার কোনও সোনার দোকানেই নাবালকদের কাছ থেকে সোনার জিনিস কেনা হয় না। এটি আপাতদৃষ্টিতে চুরি হলেও, কিশোরটি কোনও খারাপ উদ্দেশ্যে নয়, বরং একটি ম্যাগি খাওয়ার ইচ্ছা থেকেই একাজ করেছে। পরিবার ও স্থানীয়রা তাকে এটি করা যে উচিত হয়নি এবং তার উচিত ছিল ম্যাগি খাওয়ার ইচ্ছা বাড়িতে জানানো, সেই শিক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছেন।