দার্জিলিং থেকে শিলিগুড়ির রাস্তা খুলেছে, পাহাড় থেকে ফিরতে মরিয়া পর্যটকরা

প্রবল দুর্যোগ এবং লাগাতার ভারী বৃষ্টির ধাক্কা কাটিয়ে উত্তরবঙ্গে অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে। রবিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টিপাত এবং ধসের কারণে দার্জিলিং সহ পাহাড়ের একাধিক অংশের সঙ্গে সমতলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে, আজ, সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দার্জিলিং যাতায়াতের প্রধান রাস্তা পরিষ্কার করা সম্ভব হয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর আটকে পড়া পর্যটকদের বাড়ি ফেরার ক্ষেত্রে এখন আর কোনো বাধা রইল না। একইসঙ্গে, যাঁরা দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরাও এখন যাত্রা শুরু করতে পারবেন। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টাইগার হিল এবং রক গার্ডেনে আজ এখনও পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত দার্জিলিংয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে ২৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বিপুল পরিমাণ বৃষ্টির ফলেই ব্যাপক ধস নেমে মিরিক এবং ১০ নম্বর জাতীয় সড়ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যার জেরে সাময়িকভাবে দার্জিলিং শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

কেন্দ্রীয় নেতৃত্ব থেকে মুখ্যমন্ত্রীর তৎপরতা
উত্তরবঙ্গের এই প্রাকৃতিক বিপর্যয়ে একাধিক প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই পরিস্থিতির ওপর নজর রেখেছেন। রবিবারই তিনি পাহাড়ের পরিস্থিতি নিয়ে ভার্চুয়ালি পাঁচটি জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। আজ, সোমবার তিনি নিজে উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাবেন। মেঘ সরতে শুরু করায় এখন পাহাড় থেকে সমতলে ফেরা পর্যটকদের মুখে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে।