গুজরাটে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! ওয়েল্ডিংয়ের সময় বয়লারে বিস্ফোরণ, মৃত্যু নন্দীগ্রামের ২ যুবকের!

সংসারের অভাব মেটাতে সুদূর গুজরাটের কারখানায় পাড়ি দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দুই যুবক। কিন্তু কাজের জায়গায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তাঁরা। গুজরাটের কচ্ছ জেলার পাডানার একটি কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বয়লারে বিস্ফোরণে মৃত্যু হয়েছে নন্দীগ্রামের কালীচরণপুর এলাকার ওই দুই পরিযায়ী শ্রমিকের।
মৃত যুবকদের নাম হল প্রণব দিন্দা (২৫) এবং চন্দন দাস (২৯)। নন্দীগ্রাম থানা মারফত এই মৃত্যুর খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
যেভাবে ঘটল ভয়াবহ বিস্ফোরণ
নন্দীগ্রাম থানা ও স্থানীয় সূত্র মারফত জানা যায়, বিগত কয়েক বছর ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাটের বিভিন্ন কারখানায় কাজ করছিলেন প্রণব ও চন্দন। শেষ পাঁচ মাস ধরে তাঁরা কচ্ছ জেলার পাডানার ওই কারখানায় যোগ দেন। শনিবার কারখানায় ওয়েল্ডিংয়ের কাজের সময় আচমকা বয়লারে বিস্ফোরণ ঘটে।
ঘটনার পর দ্রুত স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল তাঁদের হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দন দাসের, এবং পরে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব দিন্দা।
পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন দু’জন
মৃত দুই যুবকই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। চন্দন দাসের বাড়িতে রয়েছে স্ত্রী এবং দুই নাবালক সন্তান। আর প্রণব ছিলেন বাবা-মায়ের একমাত্র রোজগেরে সন্তান। তাঁদের এমন অকাল মৃত্যুতে পরিবারগুলো কার্যত অসহায় হয়ে পড়ল।
নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা ব্লক তৃণমূলের সহ-সভাপতি সেখ আলরাজী জানান, তাঁরা দুই পরিবারের পাশে রয়েছেন এবং মৃতদেহ নিয়ে আসার জন্য ইতিমধ্যেই পাঁচজন গুজরাটে পৌঁছেছেন।
কারখানার তরফে ক্ষতিপূরণ ঘোষণা
দিন আনা দিন খাওয়া পরিবার দুটির এই চরম বিপর্যয়ে কারখানার তরফ থেকে ইতিমধ্যেই নিহত দুই শ্রমিকের পরিবারকে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, কারখানার উদ্যোগেই গুজরাট থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবার নন্দীগ্রামে পৌঁছবে ওই দুই যুবকের নিথর দেহ।
সংসারের উন্নতির জন্য ভিন রাজ্যে পাড়ি দেওয়া এই দুই যুবকের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না গ্রামের মানুষজন।