কানপুরের হোটেলে খাবার খেয়ে ৪ অস্ট্রেলীয় ক্রিকেটার অসুস্থ, হাসপাতালে ভর্তি থরন্টন, বিতর্ক উড়িয়ে বোর্ডের সাফাই

ভারতের মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে এসে চরম অস্বস্তিতে অস্ট্রেলিয়া ‘এ’ দল। সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে ২ উইকেটে হারলেও, ম্যাচের পর সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে এসে কানপুরের টিম হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার।

এঁদের মধ্যে পেসার হেনরি থরন্টনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কানপুরের রিজেন্সি হাসপাতালে ভর্তি করতে হয়। বাকি তিন খেলোয়াড়কে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়।

বিপত্তির কারণ কি হোটেলের খাবার?
সূত্রের খবর, কানপুরের ‘ল্যান্ডমার্ক’ হোটেলের খাবার খেয়ে ফুট পয়জনিংয়ের ফলেই ক্রিকেটারদের পেটে সংক্রমণ হয়েছে। ভারত ‘এ’ এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটাররা সিরিজের সময় কানপুরের এই একই নামকরা হোটেল থেকে খাবার খাচ্ছিলেন। যদিও হাসপাতাল বা টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কথা নিশ্চিত করেনি, তবে দলের অভ্যন্তরীণ সূত্রে সেই ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে, থরন্টনকে দু’দিন হাসপাতালে থাকতে হয়।

অস্ট্রেলিয়া ‘এ’ দলের চিকিৎসকেরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং খেলোয়াড়দের স্থানীয় খাবার ও পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হোটেলের খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও খাদ্য অধিদপ্তর হোটেলের রান্নাঘর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পরও দূষিত কোনো উপাদান পায়নি বলে খবর।

বিতর্ক উড়িয়ে বিসিসিআইয়ের সাফাই
এদিকে, এই ঘটনার পর বিতর্ক এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা মাঠে নামেন। তিনি এই অভিযোগ মানতে চাননি। রাজীব শুক্লা বলেন, “যদি খাবারেই সমস্যা থাকত, তাহলে ভারতীয়-সহ সব ক্রিকেটারই অসুস্থ হয়ে পড়ত। কানপুরের অন্যতম সেরা হোটেল থেকে সকলকে খাবার দেওয়া হচ্ছে। তাদের খাবার খুবই ভালো। সকলেই একই খাবার খাচ্ছে। তারা হয়তো কোনো সংক্রমণে আক্রান্ত হয়েছেন।”

অন্যদিকে, মাঠের এই বিতর্কের মধ্যেও ভারতীয় ‘এ’ দল ওয়ানডে সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে।

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয়
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ‘এ’ দল ৩১৭ রানের বড় স্কোর তোলে। অজি শিবিরে প্রথম আঘাত হানেন অর্শদীপ সিংহ এবং এরপর হর্ষিত রানা আরও দুটো উইকেট তুলে নেন। মিডল অর্ডারে কুপার কনোলি (৬৪), ক্যাপ্টেন জ্যাক এডওয়ার্ডস (৮৯) এবং লিয়াম স্কট (৭৩) দলের স্কোর ৩১৬-তে পৌঁছে দেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দলের ওপেনার প্রভসিমরন সিংহের দৃঢ় ইনিংস এবং শ্রেয়স আইয়ার (৬২) ও রিয়ান পরাগের (৬২) গুরুত্বপূর্ণ জুটির সৌজন্যে ২ উইকেটে ম্যাচটি জিতে নেয়।