ওয়ানডে-তে ‘রোহিত যুগের অবসান’! নতুন অধিনায়ক শুভমান গিল, নেতৃত্ব হারিয়ে কী বললেন ‘বিরক্ত’ রোহিত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও ভারতীয় ক্রিকেট দলে বড় পরিবর্তন আনল বিসিসিআই (BCCI)। রোহিত শর্মার জায়গায় ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন তরুণ তারকা শুভমান গিল। আসন্ন অস্ট্রেলিয়া সফরে গিলকেই ওয়ানডে দলের নতুন নেতা বেছে নেওয়া হয়েছে।

এর আগে ইংল্যান্ড সফরে টেস্ট দলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল শুভমান গিলের।

রোহিতের পুরোনো পোস্ট ভাইরাল
ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর পর, রোহিত শর্মার ২০১২ সালের একটি পুরোনো পোস্ট হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ওই পোস্টে রোহিত লিখেছিলেন, “এক যুগের অবসান (৪৫) এবং এক নতুন যুগের সূচনা (৭৭)…”। যেহেতু ৪৫ নম্বর জার্সি রোহিত শর্মার এবং ৭৭ নম্বর জার্সি শুভমান গিলের, তাই অনেকেই মনে করছেন রোহিত যেন আগেই গিলের অধিনায়ক হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

কেন এল এই বড় সিদ্ধান্ত?
নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, তিনটি ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক রাখা বাস্তবসম্মত নয়। তাই টেস্ট দলের অধিনায়ক গিলকেই এবার ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগারকার বলেন, ওয়ানডে ক্রিকেট বর্তমানে সবচেয়ে কম খেলা ফরম্যাট। পরবর্তী বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে হলে এখন থেকেই পরিকল্পনা করা দরকার। এছাড়া, তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন নেতৃত্ব কোচ ও টিম ম্যানেজমেন্টের জন্যও কষ্টসাধ্য হয়ে ওঠে, তাই এই সিদ্ধান্তকে তিনি সময়োপযোগী ও বাস্তবধর্মী বলে মনে করেন।

যদিও ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন, রোহিত শর্মা এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকছেন। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে রয়েছেন, যা ১৯ অক্টোবর থেকে শুরু হবে।