আত্মনির্ভর ভারতের বিরাট জয়! নৌবাহিনীতে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর যুদ্ধজাহাজ ‘আইএনএস আন্দ্রোথ’!

ভারতীয় নৌবাহিনীর শক্তিবৃদ্ধির ইতিহাসে আজ, সোমবার (৬ অক্টোবর), এক নতুন অধ্যায় যুক্ত হলো। বিশাখাপত্তনমের নৌ-ডকইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো আইএনএস আন্দ্রোথ (INS Androth)—অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফ্ট (ASW-SWC) শ্রেণির দ্বিতীয় যুদ্ধজাহাজ।
এই কমিশনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ন্যাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং-ইন-চিফ, ভাইস অ্যাডমিরাল রাজেশ পেন্ডারকার। এটি নৌবাহিনীর যুদ্ধ-প্রস্তুতি ও সামুদ্রিক আত্মনির্ভরতার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আত্মনির্ভরতার প্রতীক’
কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এর হাতে তৈরি এই যুদ্ধজাহাজটি ভারতীয় জাহাজনির্মাণ প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রতিচ্ছবি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইএনএস আন্দ্রোথের প্রায় ৮০ শতাংশ উপকরণ সম্পূর্ণ দেশীয়, যা কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির বাস্তব প্রতিফলন। এর নকশা ও নির্মাণে বহু ভারতীয় শিল্পপ্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থা সরাসরি যুক্ত থেকেছে। এর ফলে গুরুত্বপূর্ণ সোলার সিস্টেম, অস্ত্র প্রযুক্তি এবং নেভিগেশনাল কম্পোনেন্ট এখন সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি, যা ভবিষ্যতে বিদেশি সরবরাহের উপর নির্ভরতা কমাবে।
উপকূল সুরক্ষায় নজরদারি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
আইএনএস আন্দ্রোথের যোগদানের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার ক্ষমতা আরও জোরদার হবে—বিশেষ করে দেশের অগভীর ও উপকূলবর্তী জলসীমায়।
এই ধরনের বিশেষায়িত যুদ্ধজাহাজ শত্রুপক্ষের সাবমেরিন সনাক্তকরণ ও ধ্বংসে পারদর্শী। ফলে ভারতের বিস্তৃত উপকূলরেখা এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি বড় ভরসা।
উন্নত সোনার সিস্টেম, আধুনিক অস্ত্রসজ্জা এবং দীর্ঘমেয়াদি অভিযানের সক্ষমতা নিয়ে আইএনএস আন্দ্রোথ নৌবহরে এক গুরুত্বপূর্ণ সংযোজন। এটি বৃহৎ সারফেস কমব্যাট্যান্ট ও সাবমেরিন ইউনিটগুলিকে সহায়তা করে নৌবাহিনীর সমুদ্রতীরবর্তী নজরদারি ও আঘাতের সক্ষমতা আরও প্রসারিত করবে।
সাম্প্রতিককালে আইএনএস আন্দ্রোথের যোগদানের আগে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস আর্নালা, আইএনএস নিস্তার, আইএনএস উদয়গিরি ও আইএনএস নীলগিরির মতো আধুনিক রণতরী যুক্ত হয়েছে।