মাটির বাড়িতে ভয়ঙ্কর পরিণতি! দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকের ছায়া গোটা গ্রামে!

টানা বৃষ্টির কারণে মাটির বাড়ির অবস্থা শোচনীয় হওয়ায় ফের ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। নিজের বাড়ি মেরামত করতে গিয়ে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল আজাদ আনসারী (৩২) নামে এক যুবকের। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত চাপুড়ি গ্রামে রবিবার ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যেভাবে ঘটল মর্মান্তিক পরিণতি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক আজাদ আনসারী চাপুড়ি গ্রামেরই বাসিন্দা। রবিবার সকালে তিনি নিজের মাটির বাড়ি মেরামতের কাজ করছিলেন।

গ্রামের এক বাসিন্দা শওকত আলী আনসারী জানান, মেরামত করার সময়েই হঠাৎ করে বাড়ির একদিকের দেওয়াল ভেঙে পড়ে আজাদের উপরে। সঙ্গে সঙ্গে তিনি দেওয়ালের নীচে চাপা পড়ে যান।

পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা তৎক্ষণাৎ ছুটে এসে আজাদকে উদ্ধার করেন।

হাসপাতালে মৃত ঘোষণা
গুরুতর আহত অবস্থায় আজাদ আনসারীকে তড়িঘড়ি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পাড়া থানার পুলিশ মৃত আজাদ আনসারীর দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

এই দুর্ঘটনায় যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। সরকারিভাবে সমস্ত রকম সহযোগিতার ব্যবস্থা করার কথাও জানানো হয়েছে। এই আকস্মিক মৃত্যুতে গোটা চাপুড়ি গ্রামে নেমে এসেছে গভীর শোক।