মানহীন ওষুধ সরবরাহের অভিযোগে কড়া পদক্ষেপ, রুরকির সংস্থাকে ৩ বছরের জন্য কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দফতর

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধে নিম্নমানের অভিযোগ ওঠায় নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহকারী সংস্থা হেল্যাক্স হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড-কে তিন বছরের জন্য কালো তালিকাভুক্ত (Blacklisted) করা হয়েছে। স্বাস্থ্য দফতর স্পষ্ট জানিয়েছে, সরকারি হাসপাতালে সরবরাহ করা ওষুধের মান ঠিক না-থাকায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
রুরকির এই সংস্থাটি এতদিন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত ‘TELMISARTAN 40’ নামের ওষুধ সরবরাহ করত। কিন্তু সম্প্রতি এই ওষুধ নিয়ে একাধিক রোগী ও হাসপাতালের তরফে অভিযোগ আসতে থাকে। তাদের মূল অভিযোগ ছিল, ট্যাবলেটের গুণমান এতটাই খারাপ যে তা সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে।
এরপরেই স্বাস্থ্য দফতর বিষয়টি খতিয়ে দেখতে কড়া ব্যবস্থা নেয়।
১৪টি ব্যাচের ওষুধ ল্যাব পরীক্ষায় পাঠানো হয়।
দেখা যায়, একটি ব্যাচও গুণগত মান নিয়ন্ত্রণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই স্বাস্থ্য ভবন হেল্যাক্স হেলথকেয়ারের তৈরি ওষুধ সরকারি হাসপাতালে ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে আগামী তিন বছরের জন্য তাদের সরকারি টেন্ডারে অংশ নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কেন এই পদক্ষেপ জনস্বাস্থ্যের জন্য জরুরি?
শিশুদের সর্দি-কাশির ওষুধ নিয়ে কেন্দ্র ও রাজ্যের সতর্কতার আবহে উচ্চ রক্তচাপের মতো ক্রনিক রোগের ওষুধের মান নিয়ে প্রশ্ন ওঠায় উদ্বেগ আরও বেড়েছে। উচ্চ রক্তচাপের রোগীদের প্রতিদিন নিয়ম করে ওষুধ খেতে হয়, কারণ ওষুধ না খেলে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক-এর মতো গুরুতর ঘটনা ঘটতে পারে।
চিকিৎসক আশিস মিত্রের মতে, “উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ শুধুমাত্র সেই সমস্যার জন্য নয়, বরং ডায়াবেটিস, কিডনি বা হার্টের রোগীর ক্ষেত্রেও খুব দরকারি। যদি ওষুধে গুণমান ঠিক না-থাকে, তবে রোগীর শারীরিক অবস্থা খারাপ হতে পারে এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়।”
স্বাস্থ্য দফতর জানিয়েছে, ভবিষ্যতে সরকারি হাসপাতালে সরবরাহ করা সব ওষুধের গুণমান পরীক্ষা আরও কঠোরভাবে পালন করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সময়োপযোগী হলেও, সাধারণ মানুষের মধ্যে যাতে কোনও আতঙ্ক না ছড়ায়, তা নিশ্চিত করতে গুণমান যাচাইয়ের প্রক্রিয়া প্রতি মুহূর্তে বজায় রাখা প্রয়োজন।