রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, গ্রেফতার হাজারেরও বেশি জনতা

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নতুন করে সেনা পাঠানোর বিরোধিতা করে বিক্ষোভ থেকে ১ হাজারেরও বেশি নাগরিককে গ্রেফতার করেছে রাশিয়ান পুলিশ।
রাশিয়ান হিউম্যান রাইটস গ্রুপ ওভিডি-ইনফো জানিয়েছে, গ্রেফতারকৃতদের সংখ্যা ১ হাজার ৩০০’রও বেশি। মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে বিক্ষোভের সময় তাদের গ্রেফতার করা হয়; যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এছাড়া ইরকুতস্ক, অন্যান্য সাইবেরিয়ান শহর ও ইয়েকাতেরিনবার্গে অনেককে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আংশিক সেনা সমাবেশের’ ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়া এ ধরনের সেনা সমাবেশ করতে যাচ্ছে। এই আংশিক সেনা সমাবেশে ৩ লাখ রিজার্ভ সৈন্যকেও ডাকা হবে।

একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জয় পেতে আরো সেনা পাঠাতে চান বলে ঘোষণা দেন তিনি। এসময় তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি হুমকি দিয়ে বলেন, আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যদি হুমকির মধ্যে পড়ে, রাশিয়া এবং এর জনগণকে রক্ষা করার জন্য আমরা সবরকমের পদক্ষেপ নেবো।

পুতিন বলেন, যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায়, তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। পশ্চিমা দেশগুলো প্রমাণ করেছে যে, তারা চায় না রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শান্তি বজায় থাকুক।

এমন সময়ে পুতিন এ ভাষণটি দিলেন, যখন মস্কো পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিরাট অঞ্চলে মস্কো অনুগত নেতারা গণভোটের ডাক দিয়েছে। ওই গণভোট ডাকার পরদিনই তিনি রিজার্ভ সেনাদের ডাকার নির্দেশ দিলেন।

এমন ঘোষণার পরেই রাশিয়ার বেশ কিছু শহরে বিক্ষোভে নেমেছেন যুদ্ধবিরোধীরা।

সূত্র: আল-জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *