বন্ধুর হাতে ‘ঠান্ডা মাথায় খুন’ বন্ধু! ১১ সেকেন্ডে ৩টি গুলি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল আরেক সঙ্গী, মেরঠে চরম আতঙ্ক!

উত্তরপ্রদেশের মেরঠে ঘটে গেল এক হাড়হিম করা নৃশংস হত্যাকাণ্ড। প্রকাশ্য রাস্তায় এক বন্ধুকে গুলি করে খুন করল তার দুই সঙ্গী। তাদের মধ্যে একজন আবার খুনের মুহূর্তটি ক্যামেরাবন্দী করে তা ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়! স্থানীয় সূত্রে খবর, মাত্র ১১ সেকেন্ডের মধ্যে তিনটি গুলি চালানো হয়েছে।
প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় মেরঠ এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, শহরে এই প্রথম এমনভাবে খুনের ঘটনাকে ক্যামেরাবন্দি করে ইচ্ছে করে ভাইরাল করা হয়েছে।
খুনের মুহূর্তে শোনা গেল ‘ড্রপ ইট’
যে ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে, মাটিতে পড়ে থাকা যুবককে তার বন্ধু ১১ সেকেন্ড ধরে বুকে তিনবার গুলি করছে। পাশে থাকা আর এক বন্ধু পুরো দৃশ্যটি ভিডিও করছিল। ৩টি গুলি চলার পর ভিডিওর মধ্যে শোনা যায়— ‘ড্রপ ইট’। তার পরেই খুনি ও তার সঙ্গীরা মোটরবাইক নিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়।
পরে পুলিশ একটি টিউবওয়েলের পাশ থেকে নিহত যুবকটির দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়, গুলিবিদ্ধ সেই যুবকের নাম আদিল।
পুলিশের আশঙ্কা: ‘চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে গ্যাং’
মীরাটের এসএসপি ডঃ বিপিন টাডা জানান, খুনের কারণ এবং অভিযুক্তরা কেন ভিডিওটি ভাইরাল করার সিদ্ধান্ত নিয়েছে তা তদন্ত চলছে। পুলিশের আশঙ্কা, কোনও সংগঠিত গ্যাং ইচ্ছাকৃতভাবে এই ভিডিও প্রকাশ করে জনমনে আতঙ্ক ছড়াতে চাইছে, যাতে পুলিশের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায়।
পুলিশ খতিয়ে দেখছে, খুনের আগে আদিল অচেতন ছিলেন কি না, নাকি গুলি করার পর ভিডিও রেকর্ড করা হয়েছে।
এদিকে, একই দিনে শহরের অন্য দু’টি জায়গাতেও খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ফলে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। আদিলের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ছয়জনের নামে মামলা দায়ের করা হয়েছে।