‘বদমেজাজ’ দেখানোর ফল! প্রকাশ্যে মহিলাদের দেখে গান ও শিস দেওয়ায় সোজা জেলে গেল যুবক

উত্তরপ্রদেশের আগ্রা থেকে একটি অদ্ভুত এবং অস্বস্তিকর খবর সামনে এসেছে। আগ্রার রাজপুর চুঙ্গি এলাকায় এক ব্যক্তি জনসমক্ষে যুবতীদের দেখলেই জোর গলায় বলিউড ছবি ‘খলনায়ক’-এর বিখ্যাত গান ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ গাইতেন এবং শিস দিতেন। তাঁর এই ক্রমাগত হয়রানিমূলক আচরণের কারণে শেষ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

সদর থানা এলাকার রাজপুর চুঙ্গির ঘটনা। এলাকার বাসিন্দারা লোকটির আচরণে অতিষ্ঠ হয়ে পুলিশে অভিযোগ জানান। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত যুবক রাস্তায় মহিলাদের দেখলেই এই গান গাওয়া শুরু করতেন। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁকে থামাতে চেষ্টা করে, তখনও তিনি তাঁর ‘বদমেজাজ’ বন্ধ করেননি।

পুলিশ আধিকারিক বলেন, “পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং যুবকের অশালীন আচরণ নিজে দেখে। সে ক্রমাগত মহিলাদের লক্ষ্য করে গান গাইছিল। তার আচরণে শান্তি ও শৃঙ্খলা ভঙ্গ হচ্ছিল। বারবার সতর্ক করার পরও সে যখন বিরত হয়নি, তখন তার বিরুদ্ধে মামলা দায়ের করে শান্তি ব্যবস্থা ভঙ্গের ধারায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই রাস্তায় সারাদিন মানুষের আনাগোনা থাকে এবং সন্ধ্যায় অনেকে পরিবার নিয়ে ঘুরতে আসেন। পুলিশ জানিয়েছে, এলাকায় বাইক নিয়ে স্টান্ট এবং মহিলাদের উত্যক্ত করার মতো ঘটনা বেড়ে চলেছে। পুলিশ এমন ব্যক্তিদের বিরুদ্ধে ক্রমাগত কড়া পদক্ষেপ নিচ্ছে।