পুদুচেরি ডাইভিংয়ে অলৌকিক কাণ্ড, জলের নীচে হঠাৎ খুলে গেল ওয়েট বেল্ট, তারপর?

পুদুচেরির কাছে গ্রীষ্মকালীন স্কুবা ডাইভিং-এর সময় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন মুম্বাইয়ের ২৬ বছর বয়সী সফটওয়্যার বিশেষজ্ঞ ক্ষিতিজ জোদপে। গভীর জলে অপ্রত্যাশিতভাবে তাঁর ওজনের বেল্ট খুলে যাওয়ায় তিনি দ্রুত জলের উপরিভাগের দিকে ভেসে যেতে শুরু করেন, যা স্কুবা ডাইভিং-এ অত্যন্ত বিপজ্জনক একটি পরিস্থিতি।

ক্ষিতিজ জানান, তিনি প্রায় ৩৬ মিটার গভীরে ছিলেন। দৃশ্যমানতা ছিল মাত্র ৫ থেকে ১০ মিটার। এই সময় ওয়েট বেল্ট খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দ্রুত উপরে উঠতে থাকেন। এই অস্বাভাবিক দ্রুত ঊর্ধ্বগতি (unusual vertical movement) বিপদ সংকেত হিসেবে ধরে নেয় তাঁর হাতে থাকা Apple Watch Ultra।

প্রথমে সতর্কবার্তা দেখানোর পরও যখন ক্ষিতিজ নিজে নিয়ন্ত্রণ নিতে পারেননি, তখন স্বয়ংক্রিয়ভাবে ঘড়িটির ইমার্জেন্সি সাইরেন সক্রিয় হয়ে ওঠে। জলের তলায় এই তীব্র সাইরেনের আওয়াজ ক্ষিতিজের প্রশিক্ষকের মনোযোগ আকর্ষণ করে। প্রশিক্ষক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা দেন এবং ক্ষিতিজকে নিরাপদে জলের উপরিভাগে ফিরিয়ে আনেন।

ঘড়িটির ম্যাজিক: অ্যাপেল ওয়াচ আলট্রা-এর এই সাইরেন ফিচারটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কাজের জন্য তৈরি করা হয়েছে। এটি ১৮০ মিটার দূর থেকেও শোনা যাওয়ার ক্ষমতা রাখে এবং প্রাকৃতিক আওয়াজ থেকে আলাদাভাবে চেনার জন্য ডিজাইন করা হয়েছে। সাইরেনটি বিপদ কেটে না যাওয়া পর্যন্ত বাজতে থাকে।

এই ঘটনার পরে, কৃতজ্ঞ ক্ষিতিজ অ্যাপেলকে ধন্যবাদ জানিয়ে সিইও টিম কুককে চিঠি লেখেন। উত্তরে কুক জানান, “আমি আনন্দিত যে আপনার প্রশিক্ষক অ্যালার্মটি শুনেছিলেন এবং দ্রুত আপনাকে সাহায্য করেছিলেন। আপনার গল্পটি জানানোর জন্য ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন।”