‘ওঁদের যোগ্য জবাব হলো এই ম্যাচ জেতা’! এশিয়া কাপ জিতে দেশে ফিরে পাকিস্তানকে নিয়ে বোমা ফাটালেন তিলক বর্মা

এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে যখন টিম ইন্ডিয়া কঠিন পরিস্থিতিতে, ৩ উইকেট হারিয়ে যখন শক্ত পার্টনারশিপ খুঁজছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন তরুণ মিডল অর্ডার ব্যাটার তিলক বর্মা। তাঁর অপরাজিত ৬৯ রানের ইনিংসে ভর করেই ভারত পাঁচ উইকেটে জয় লাভ করে। সেই ম্যাচকে ইতিমধ্যেই ক্রিকেট মহল ‘অপারেশন তিলক’ নামে আখ্যা দিয়েছে।

দেশে ফিরে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সেই ফাইনাল এবং পাকিস্তানের বিরুদ্ধে হওয়া স্লেজিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিলক বর্মা।

‘১৪০ কোটি মানুষকে হতাশ করতে চাইনি’
তিলক বর্মা সাফ জানিয়েছেন, এশিয়া কাপ জয় ছিল “পাকিস্তানকে দেওয়া সেরা জবাব”। ফাইনালের কঠিন মুহূর্ত প্রসঙ্গে তিলক বলেন:

“শুরুতে কিছুটা চাপ এবং স্নায়ুযুদ্ধ ছিল। কিন্তু আমি আমার দেশকে সবকিছুর আগে রেখেছি এবং দেশের জন্য ম্যাচটি জিততে চেয়েছিলাম। আমি জানতাম যে সেই সময় যদি আমি চাপের কাছে নতি স্বীকার করি, তবে আমি নিজেকে এবং দেশের ১৪০ কোটি মানুষকে হতাশ করব।”

স্লেজিং নিয়ে ‘যোগ্য জবাবের’ হুঁশিয়ারি
ফাইনালে পাকিস্তানের প্লেয়ারদের স্লেজিং করার কথা স্বীকার করেছেন এই তরুণ ব্যাটার। তবে তিনি চুপ থেকে নিজের ব্যাটে উত্তর দেওয়ার লক্ষ্য রেখেছিলেন।

তিলকের কথায়: “ওঁরা স্লেজিং করে যাচ্ছিল। আমি বিশ্বাস করছিলাম যে আমরা জিতে এর জবাব দেব। পাকিস্তানের প্রতি যোগ্য জবাব হল এই ম্যাচ জেতা এবং আমরা সেটাই করেছি।”

তিনি সরাসরি হ্যারিস রউফকে ইঙ্গিত করে বলেন, “সে বিশ্বমানের বোলার হতে পারে, কিন্তু আমি জানি আমি সেরা ব্যাটসম্যানদের একজন।” তিলক স্পষ্ট জানান, “ওরা যতই কথার লড়াই করুক, আমরা মাঠে ব্যাট ও বলেই জবাব দিয়েছি।”

ম্যাচ চলাকালীন পাকিস্তানের খেলোয়াড়রা যে তীব্র স্লেজিং করেছিলেন, সেই কথা স্বীকার করেও তিলক জানান, মাঝখানে অনেক কিছুই ঘটেছিল, যা তিনি জনসমক্ষে প্রকাশ করতে পারছেন না। তবে তাঁর মনোযোগ ছিল কেবল ম্যাচ জেতার উপর।

তরুণ ক্রিকেটারের এই আত্মবিশ্বাস ও সাহসী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
বিশেষ: ভারত বনাম পাকিস্তান ম্যাচে স্লেজিং খেলারই অংশ, তবে তিলকের মতে, মাঠের পারফর্ম্যান্সই শেষ কথা বলে।