‘ভাটি থেকে উজানে জল ঠেলবেন’! মাধ্যাকর্ষণকে কাঁচকলা দেখালেন মমতা? মুখ খুলে কীসের ইঙ্গিত দিলেন তথাগত রায়?

রাজ্যের মুখ্যমন্ত্রীকে (নাম না করে ‘পিসি’ সম্বোধন করে) সরাসরি আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। সোমবার সকালে এক্স (পূর্বে ট্যুইটার) বার্তায় তিনি বিস্ফোরক মন্তব্য করে দাবি করেন, রাজ্যের হিন্দুদের বোকা মনে করেন মুখ্যমন্ত্রী।

ভোটে অঙ্কে চরম কটাক্ষ

তথাগত রায় তাঁর প্রথম এক্সবার্তায় লেখেন, “পিসি, পশ্চিমবঙ্গের হিন্দুদের গর্দভ মনে করে।” এরপর তাঁর এই দাবির ব্যাখ্যা দিয়ে তিনি লেখেন, “ওঁর হিসেবে, রাজ্যের ত্রিশ-পয়ঁত্রিশ শতাংশ মুসলিম ভোট তো কোঁচড়ে আছেই! তার উপরে উল্টোপাল্টা বকে যদি আর দশ-পনের শতাংশকে বোকা বানিয়ে তাদের ভোটটা আনতে পারি তাহলে আবার পাঁচ বছর পশ্চিমবঙ্গকে চুষে ছিবড়ে করে দেওয়া যাবে।”

প্রাক্তন রাজ্যপালের এই মন্তব্য সরাসরি রাজ্যের ভোট-রাজনীতি এবং মুখ্যমন্ত্রীর ভোট ব্যাঙ্কের কৌশলকে নিশানা করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মাধ্যাকর্ষণকে ‘কাঁচকলা’! কটাক্ষ মুখ্যমন্ত্রীর পুরোনো মন্তব্যে

পরবর্তী একটি এক্সবার্তায় তথাগত রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো মন্তব্যকে টেনে এনেও তাঁকে কটাক্ষ করেন। তিনি লেখেন, “মমতার এই ঐতিহাসিক উক্তিটি আমার চোখ এড়িয়ে গিয়েছিল। পিসি বিহার-ঝাড়খন্ডকে ভয় দেখাচ্ছেন, উনি মাধ্যাকর্ষণকে কাঁচকলা দেখিয়ে ভাটি থেকে উজানে জল ঠেলে দেবেন!”

এই মন্তব্যের প্রেক্ষিতে তথাগত রায় উপহাসের সুরে লেখেন, “এদিকে নিউটন সাহেব যে কবরে শুয়ে খাবি খাচ্ছেন! হে বঙ্গ! ভাণ্ডারে তবে বিবিধ রতন!”

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায়শই বিহার ও ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্যগুলিতে জল ছাড়া নিয়ে রাজ্যের অবস্থানের কথা তুলে ধরেন। তথাগত রায়ের এই কটাক্ষ সেই ধরনের কোনো মন্তব্যেরই সূত্র ধরে করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রাক্তন রাজ্যপালের এমন চাঁচাছোলা মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।