বিজয়-এর নির্বাচনী প্রচার সভায় মৃত্যুমিছিল, পদপিষ্ট হয়ে মৃত বেড়ে ৪১! তদন্তের মাঝে কেন TVK-এর সমস্ত প্রচার বন্ধের আর্জি হাইকোর্টে?

অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়ের নির্বাচনী প্রচার সভায় পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জন। এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই কমিশন গঠন করা হয়েছে। এই আবহে, তদন্ত চলাকালীন তামিলাগা ভেট্টরি কাঝাগাম (TVK)-এর সমস্ত প্রচার নিষিদ্ধ করার আর্জি জমা পড়েছে মাদ্রাজ হাইকোর্টে।
হাইকোর্টে জরুরি আবেদন
রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন সেন্থিলকুমারের বেঞ্চে জরুরি ভিত্তিতে এই আবেদন জানান এক ব্যক্তি। আবেদনকারীর যুক্তি, দায়িত্বহীনভাবে রাজনৈতিক সমাবেশ অব্যাহত রাখলে প্রাণহানির ঝুঁকি আরও বাড়বে। এই কারণে রাজ্য সরকারের পুঙ্খানুপুঙ্খ তদন্ত সম্পন্ন হওয়ার পরই নতুন কোনো সমাবেশে অনুমতি দেওয়া উচিত।
এদিকে, কারুরের সরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন রবিবার রাতে সুকুনা নামে ৬৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ হয়েছে। তিনি ভেলুসামিপুরমের বাসিন্দা ছিলেন এবং ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন।
বিজয়-এর আর্থিক সহায়তা ও ডিজিপির বক্তব্য
এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণী রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী-সহ একাধিক নেতা ও মন্ত্রী শোকপ্রকাশ করেছেন। এই আবহে, তামিলাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা ‘থালাপতি’ বিজয় দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।
তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরামন জানান, দুর্ঘটনার মূল কারণ হলো অভিনেতার সভাস্থলে পৌঁছতে দেরি করা এবং প্রচণ্ড রোদের মধ্যে পর্যাপ্ত খাবার ও পানীয়র অভাব। তিনি জানান, দুপুর ১২টায় বিজয়ের উপস্থিত থাকার পোস্ট করা হলেও অভিনেতা পৌঁছতে দেরি করায় ভিড় ক্রমশ বেড়ে যায় এবং সেই কারণেই এই বিপত্তি।
মুখ্যমন্ত্রীর শোক ও বিচার বিভাগীয় তদন্ত
ঘটনার পর রবিবার ভোরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়াতে কারুরে পৌঁছন এবং আহতদের সঙ্গে দেখা করেন। তিনি নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ জানতে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।