পুজোর ঠিক আগেই ত্রিপুরায় সরকারি কর্মীদের বিরাট সুখবর, ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা মানিক সাহার

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার রায় যখন এখনও ঝুলে, ঠিক সেই আবহেই প্রতিবেশী রাজ্য ত্রিপুরা (Tripura) সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল। মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকার কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ৩ শতাংশ ডিএ বৃদ্ধি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে প্রায় ১ লক্ষ কর্মচারী এবং ৮৪ হাজার পেনশনভোগী উপকৃত হবেন।
ডিএ নিয়ে ত্রিপুরার তৎপরতা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি শিক্ষক দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের উদ্দেশে বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের ২৯ মাসে তিনি সরকারি কর্মীদের ২৯ শতাংশ ডিএ দিয়েছেন। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র মধ্যেকার ফারাক কমানোর প্রচেষ্টা করছেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই নতুন ডিএ বৃদ্ধি।
এই ডিএ এবং ডিআর (Dearness Relief) বৃদ্ধির ফলে রাজ্যের সরকারি কোষাগারের উপর প্রতি বছর প্রায় ২৫ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
বর্তমান ডিএ: এই বৃদ্ধির ফলে বর্তমানে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ্য ভাতার পরিমাণ ৩৩ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশে পৌঁছল।
বাংলার চোখ কেন্দ্রীয় ডিএ-তে, ফারাক এখনও ১৯ শতাংশ
অন্যদিকে, যেখানে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীরা এখন ৩৬ শতাংশ ডিএ পাচ্ছেন, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ বর্তমানে ৫৫ শতাংশ। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও ৩-৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮-৫৯ শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ত্রিপুরা ও কেন্দ্রের কর্মীদের ডিএ-র মধ্যে ১৯ শতাংশের পার্থক্য থাকল। তবে এই ঘোষণার পর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের নজর আরও বেশি করে থাকবে তাঁদের বকেয়া ডিএ মামলার দিকে।