লাদাখে অশান্তি, জাতীয় নিরাপত্তা আইনে সমাজকর্মী সোনম ওয়াংচুক গ্রেফতার, বিতর্কিত বক্তব্য নিয়ে অভিযোগ

লাদাখে সাম্প্রতিক স্থানীয়দের বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনার জেরে জাতীয় নিরাপত্তা আইনের (National Security Act বা NSA) অধীনে গ্রেফতার করা হলো বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুককে। গ্রেফতারের পর তাঁকে লেহ থেকে সুদূর রাজস্থানের একটি জেলে নিয়ে যাওয়া হয়েছে।

গত কিছুদিন আগে লাদাখে স্থানীয়দের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয় এবং কমবেশি ৯০ জন আহত হন।

অনশনের সময় প্ররোচনামূলক বক্তব্য!
ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তি এবং লাদাখের জন্য পৃথক রাজ্যের তকমার দাবিতে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি, লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল গণতান্ত্রিক জোটের সঙ্গে মিলে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, অনশন বিক্ষোভ চলাকালীন সোনম ওয়াংচুক প্ররোচনামূলক বক্তব্য রাখেন। বিশেষ করে, তিনি তাঁর বক্তব্যে নেপালের জেন জি-র বিক্ষোভের উদাহরণ টেনেছিলেন, যা পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলে কেন্দ্রের দাবি। লাদাখে অশান্তির যুক্তি দেখিয়ে ২৪ সেপ্টেম্বর ওয়াংচুক তাঁর অনশন শেষ করেন, কিন্তু এরপরই তাঁকে গ্রেফতার করা হলো।

ইতিমধ্যে কেন্দ্রের কঠোর পদক্ষেপের শিকার হয়ে সোনম ওয়াংচুকের এনজিও-র এফআরসিএ (FCRA) লাইসেন্সও বাতিল করা হয়েছে। এই ঘটনায় লাদাখের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।